২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভজিনিয়ার আরেকটি স্বপ্ন পূরণ

যুক্তরাষ্ট্রে পৌঁছে ছেলের জন্য শুভকামনা জানালেন ভজিনিয়ার মা আনা কান্দিদা ইভোরা।

ভজিনিয়ার আরেকটি স্বপ্ন পূরণ
যুক্তরাষ্ট্র পৌঁছে ভজিনিয়া মা আনা কান্দিদা ইভোরা (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 09:59 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভজিনিয়ার মা আনা কান্দিদা ইভোরা। মায়ামিতে পা রেখে ছেলের জন্য জানিয়েছেন শুভকামনা। উরুগুয়ের বিপক্ষে ছেলের দল কেপ ভার্দের ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন তিনি।

বিশ্বকাপের পা রেখেই ৪০ বছর বয়সী ভজিনিয়ার একটি স্বপ্ন পূরণ হওয়ার কথা। সেই স্বপ্নযাত্রার শুরুতে তিনি রচনা করেছেন এক রূপকথা। তার অবিশ্বাস্য পারফরম্যান্সেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করতে পেরেছে নবাগত কেপ ভার্দ।

ওই ম্যাচে স্পেনের আক্রমণের ঝড়ের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভজিনিয়া। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। সেদিন অশ্রুসিক্ত চোখে আক্ষেপ করে বলেছিলেন, ভিসার উচ্চ খরচের কারণে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতির কারণে দেশটিতে ভ্রমণ করতে বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ১৫ হাজার ডলার বন্ড দিতে হয়। সেই তালিকায় আছে কেপ ভার্দও। তবে যারা টিকেট কেটে বিশ্বকাপ দেখতে আসবেন, তাদের জন্য এখন এই নিয়মে শিথিলতা আনা হয়েছে।

ভজিনিয়ার সেই আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভজিনিয়ার মাকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া শুরু করার কথা জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর। আর বৃহস্পতিবার ইভোরাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেয়।

ভিসা পেয়ে কেপ ভার্দের রাজধানী প্রাইয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পরদিন রওয়ানা দেন ইভোরা। পরে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোলাপি রঙের জামা পরা ইভোরা মুখে হাসি নিয়ে বের হয়ে আসেন এবং ফিফার অ্যাক্রিডিটেশন কার্ডধারী কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

অপেক্ষারত সাংবাদিকদের একটি ছোট দল পেরিয়ে লিফটের দিকে এগিয়ে যাওয়ার সময় ইভোরা বলেন, “আমি তার (ভজিনিয়া) জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করি ম্যাচটি ভালো হবে।”

আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দ। দলটির বেইস ক্যাম্প ট্যাম্পায়, যেখানে আছেন ভজিনিয়া। পাঁচ ঘন্টার ভ্রমণ করে সেখানে যাবেন তার মা, নাকি সোমবারের জন্য অপেক্ষা করবেন, সেটা এখনও পরিষ্কার নয়। 

মায়ের ভিসা পাওয়ার খবরটি শুনে খুশি হওয়ার কথা বলেছিলেন ভজিনিয়া। এবার মাকে পাশে পেলে নিশ্চিতভাবেই আরেকটি স্বপ্ন পূরণ হবে তার।