Published : 17 Jun 2026, 11:34 AM
শঙ্কা কাটিয়ে শেষ প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি জ্বলে উঠলেন বিশ্বকাপের শুরুতেই। বিশ্ব মঞ্চে করলেন নিজের প্রথম হ্যাটট্রিক। বরাবরের মতোই আলজেরিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স বর্ণনা করতে শব্দ খুঁজে পেলেন না সতীর্থ আলেক্সিস মাক আলিস্তের।
মেসির জাদুকরী হ্যাটট্রিকে রেকর্ডময় ম্যাচে শিরোপা ধরে রাখার অভিযানে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল।
প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ছয় আসরে খেলছেন মেসি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ আসরে করলেন গোল। বিশ্ব মঞ্চে আগে থেকেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির, সেটি সমৃদ্ধ হলো আরও। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে তিনি স্পর্শ করলেন মিরোস্লাভ ক্লোসাকে, দুই জনেরই গোল ১৬টি করে।
বছরের পর বছর ধরে ঐন্দ্রজালিক পারফরম্যান্সে ভক্তদের মুগ্ধ করে চলেছেন মেসি। বয়সের ভার ও চোটের ধাক্কা সামাল দিয়েও বিশ্বকাপের শুরুটা তিনি যেভাবে করলেন, তাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন শব্দের অভাবে পড়লেন মাক আলিস্তের।
“এটা বর্ণনা করার কোনো শব্দ নেই। আমি মনে করি, কেউ যদি ভেবে থাকে যে লিওকে ছাড়া এই দল ভালো, আজ এটা পরিষ্কার হয়ে গেছে যে, লিও অন্য সবার চেয়ে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর তাকে ঘিরে আমাদের দল গড়ে তুলতে হবে, যেখানে তিনি স্বস্তিবোধ করবেন।”
হার দিয়ে গত আসর শুরুর পর বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। এবার শুরু হলো জয় দিয়ে। আলিস্তেরের মতে, এতে শিরোপা ধরে রাখার অভিযানে আরও বেশি আত্মবিশ্বাস পাবেন তারা।
“গত বিশ্বকাপের যে অভিজ্ঞতা, যেভাবে আমরা শুরু করেছিলাম, সম্ভবত সবচেয়ে ভালো ছিল না। শেষ পর্যন্ত শিরোপা জিতেছিলাম। আমরা জানি, আত্মবিশ্বাস পেতে জয়ে শুরু করা কতটা গুরুত্বপূর্ণ।”
আগামী সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের পরের ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলবে আলজেরিয়া।