Published : 14 Jul 2026, 09:37 PM
বিশ্বকাপের সেমি-ফাইনাল এমনিতেই বড় ব্যাপার। আর সেই ম্যাচ যখন ইংল্যান্ডের বিপক্ষে, তখন আর্জেন্টাইনদের মনে অনেক রকমের আবেগ কাজ করাই স্বাভাবিক। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে হুলিয়ান আলভারেস মন দিতে চান কেবল মাঠের খেলায়। ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে দেখতে চান স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে।
আটলান্টায় ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) ফাইনালে যাওয়ার লড়াইয়ে টমাস টুখেলের দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আসছে লড়াইয়ের আগে জোর আলোচনা হচ্ছে ১৯৬৬ আসরের ম্যাচ, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ১৯৮৬ আসরের ম্যাচ নিয়ে। ১৯৯৮ আসরে ডেভিড বেকহ্যামের লাল কার্ড প্রসঙ্গ নিয়েও কথা হচ্ছে।
এসব প্রেক্ষাপট অজানা নয় আলভারেসের। তবে আর্জেন্টিনার এই স্ট্রাইকার সেসব নিয়ে আলোচনায় যেতে চান না। তিনি মাঠে নিজেদের কাজটা করতে চান মনোযোগ দিয়ে।
“আমি জানি না, এসব চাপ তৈরি করবে কিনা। আমরা সবাই যা জানি, সেসবের জন্য ম্যাচটি হবে স্পেশাল, তাই আমার আবার এসব বলার প্রয়োজন নেই। তবে শেষ পর্যন্ত এটা কেবলই একটা ম্যাচ।”
প্রায় একই সুর শোনা গেলে লিওনেল স্কালোনির কণ্ঠে। ইংল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও বলেছেন একই কথা।
সেমি-ফাইনালের আগে সামনে প্রাপ্তির যে হাতছানি, সেদিকেই মূল মনোযোগ আলভারেসের।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা আরেকটি ফাইনালে পৌঁছানোর দুয়ারে। আর্জেন্টিনাকে চূড়ায় রাখতে মাঠে আমরা নিজেদের সবটুকু দিব। ইংল্যান্ড শক্তিশালী দল, বিশ্বের সেরা খেলোয়াড়দের কয়েকজন তাদের দলে আছে। তাই তারা যে সেমি-ফাইনালে খেলছে, এটা কোনো চমক নয়। আমরা জানি, কাজটা সহজ হবে না।”