২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আরাহোর বিশ্বকাপ ভাগ্য ‘বার্সা-উরুগুয়ের’ হাতে

এই সেন্টার-ব্যাক নিজে কেমন অনুভব করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন শাভি এরনান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 04:48 PM

Updated : 08 Nov 2022, 04:52 PM

ঊরুর চোটে রোনালদ আরাহো মাঠের বাইরে ছিটকে পড়ার পর পেরিয়ে গেছে দেড় মাস। চোট অনেকটা কাটিয়ে উঠলেও এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। বিশ্বকাপের আগে তার ফিট হওয়ার সম্ভাবনা থাকলেও বৈশ্বিক আসরে খেলা নিয়ে অনিশচয়তা রয়ে গেছে। এ বিষয়ে তার দেশ উরুগুয়ে ও ক্লাব বার্সেলোনা মিলে ‘সঠিক সিদ্ধান্ত’ নেওয়া হবে বলে জানালেন কাতালান ক্লাবটির কোচ শাভি এরনান্দেস।

গত সেপ্টেম্বরে ইরানের বিপক্ষে উরুগুয়ের ১-০ গোলে হারা প্রীতি ম্যাচে পঞ্চম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন আরাহো। 

বার্সেলোনা পরে জানায়, আরাহোর ডান ঊরুতে চোট ধরা পড়েছে এবং তার অস্ত্রোপচার করানো হবে। ওই মাসেই করানো হয় অস্ত্রোপচার।

বিশ্বকাপের মাস দুয়েক আগে অস্ত্রোপচারের কারণে শঙ্কায় পড়ে যায় ২৩ বছর বয়সী এই ফুটবলারের বিশ্বকাপে অংশগ্রহণ। বিশ্বকাপ শুরুর ১২ দিন বাকি থাকতে শাভির কথায় সেই সংশয় থাকল আগের মতোই।

লা লিগায় মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে আরাহো প্রসঙ্গে শাভি বলেন, এই সেন্টার-ব্যাক নিজে কতটা সুস্থ অনুভব করছে, সেটা তাদের সিদ্ধান্তে গুরুত্ব পাবে।  

“উরুগুয়ে ও (দলটির কোচ) দিয়েগো আলোনসোর সঙ্গে আমাদের ভালো যোগাযোগ রয়েছে এবং আমরা যৌথভাবে সিদ্ধান্ত নেব।”

“চূড়ান্ত সিদ্ধান্ত তারই হবে। সে যদি বলে যে সে ভালো আছে, (তাহলে সে ভালো আছে) কারণ তার শরীর তেমনটাই অনুভব করছে।”

আগামী ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ পথচলা।

‘এইচ’ গ্রুপে উরুগুয়ের অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও ঘানা।