২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ইংল্যান্ডকে হারানোর আশায় পুলিসিক

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে যেতে চান এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2022, 07:33 PM

Updated : 22 Nov 2022, 07:33 PM

ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত খেলার পর খেই হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র, করে পয়েন্ট ভাগাভাগি। তাতে হতাশা থাকলেও আত্মবিশ্বাসে কোনো চোট লাগেনি তাদের। পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে খুব বেশি ভাবনার কিছু দেখছেন না যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক।

দৃঢ় কণ্টে চেলসির এই ফরোয়ার্ড বললেন, ইংলিশদের হারানোর সামর্থ্য আছে তাদের।

এবারের আগে সবশেষ ১৯৫৮ সালে বিশ্বকাপে খেলেছিল ওয়েলস। ফেরার আসরে গ্রুপ 'বি'তে সোমবার তারাই পুলিসিকদের ১-১ গোলে রুখে দেয়।

আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের সামনে ইংল্যাড, নিজেদের প্রথম ম্যাচে যারা ৬-২ গোলে ইরানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

২০১৮ বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা গ্যারেথ সাউথগেটের দলের বিপক্ষে তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জন্য। তাদের বিপক্ষে পুলিসিক অবশ্য নিজেদের ভালো সম্ভাবনাই দেখছেন।

ওয়েলস ম্যাচের পর তিনি বলেন, ইংল্যান্ডকে হারিয়েই শেষ ষোলোর পথে এগিয়ে যেতে চান তারা।

“অবশ্যই আমি মনে করি, এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার মতো যথেষ্ট ভালো দল আছে আমাদের।”

“আমাদের পরবর্তী পরীক্ষা ইংল্যান্ডের বিপক্ষে, আমাদের আক্রমণাত্মক খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে।”