বুসকেতসের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চায় বার্সা
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার এই অভিজ্ঞ মিডফিল্ডারের ওপর ছেড়ে দেবে কাতালান ক্লাবটি।
বার্সেলোনার সঙ্গে সের্হিও বুসকেতসের চুক্তির মেয়াদ শেষ চলতি মৌসুমের পর। বিশ্বকাপের পর অভিজ্ঞ মিডফিল্ডারের কাছে তাই তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে কাতালান ক্লাবটি। সে অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন দলটির ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ।
গুঞ্জন রয়েছে, চুক্তি শেষে বার্সেলোনার সঙ্গে ১৫ বছরের সম্পর্কে চুকিয়ে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন বুসকেতস।
বার্সেলোনায় বুসকেতসের দীর্ঘদিনের সতীর্থ ডিফেন্ডার জেরার্ড পিকে বিশ্বকাপ বিরতির আগে আচমকা অবসর নিয়ে নেন। হয়তো সেই কারণেই ৩৪ বছর বয়সী বুসকেতসের ভাবনা আগেভাগেই জানতে আগ্রহী তার ক্লাব।
সম্প্রতি টিভি থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুইফের কথায়ও তা ফুটে উঠল। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পেনের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারই।
“বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা তার সাথে কথা বলব। সে তার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার সব অধিকার অর্জন করেছে, তবে ক্লাবকেও তার স্কোয়াড নিয়ে পরিকল্পনা করতে হবে।”
এই মৌসুমে বার্সেলোনার হয়ে ১ হাজার ২০১ মিনিট খেলেছেন বুসকেতস, তার চেয়ে বেশি সময় মাঠে ছিলেন কেবল চার জন খেলোয়াড়।
২০০৮ সালে অভিষেকের পর বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৯৬টি ম্যাচ খেলেছেন বুসকেতস। জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা।
