২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘জাপানের বিশ্বকাপ এই শুরু হলো’

জাপান ফরোয়ার্ড তাকুমা আসানোর বিশ্বাস, শেষ ষোলো ছাড়িয়ে আরও দূর এগিয়ে যাবেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 01:13 AM

Updated : 04 Dec 2022, 01:13 AM

সাবেক দুই বিশ্বকাপ জয়ী জার্মানি ও স্পেনের গ্রুপ থেকে জাপান উঠে আসবে, কে ভেবেছিল! সেখানে কেবল শেষ ষোলোয় জায়গা করে নেওয়াই নয়, দু-দুটি অঘটনের জন্ম দিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে খেলতে যাচ্ছে এশিয়ার দলটি। আত্মতুষ্টিতে না ভুগে দলটির ফরোয়ার্ড তাকুমা আসানো দিলেন সামনে আরও নতুন বিস্ময় জন্ম দেওয়ার প্রতিশ্রুতি। বললেন, তাদের বিশ্বকাপ তো কেবল শুরু!

'ই' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জাপান আসরের সেরা অঘটনগুলোর একটি জন্ম দিয়ে ২-১ গোলে হারিয়ে দেয় জার্মানিকে। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আসানো।

পরের ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে হেরে গেলেও মনোবল হারায়নি তারা। যার প্রমাণ মেলে গ্রুপের শেষ ম্যাচে। জার্মানি ম্যাচের মতো স্পেনের বিপক্ষেও শুরুতে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তুলে নেয় ২-১ গোলের জয়। গ্রুপ সেরা হয়ে চতুর্থবারের মতো শেষ ষোলোয় জায়গা করে নেয় এশিয়ান দলটি।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার জাপানের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

এই ম্যাচের আগে শনিবার দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ২৮ বছর বয়সী আসানো বলেন, বিশ্বকাপ এখন তাদের কাছে উপভোগ্য হয়ে উঠছে।

“যদিও আমরা গ্রুপের সবগুলো ম্যাচ জিততে পারিনি, তবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, আমরা গ্রুপ পর্ব পার করতে পেরেছি।”

“এখন আমি অনুভব করতে শুরু করেছি যে, এটি একটি অসাধারণ বিশ্বকাপ হয়ে উঠছে। কিন্তু আমরা এখনও কিছুই অর্জন করতে পারিনি। তাই সত্যি বলতে, আমার মনে হচ্ছে এখন কেবল সবকিছু শুরু হলো।”