১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ম্যাচে হয়লুনকে পাওয়ার আশা টেন হাগের

২১ বছর বয়সী এই ফরোয়ার্ড চোট কাটিয়ে খেলার পথে আছেন বলেই মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2024, 11:51 PM

Updated : 16 Mar 2024, 12:02 AM

এফএ কাপে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেল ম্যানচেস্টার ইউনাইটেড। চোট কাটিয়ে আক্রমণভাগের নির্ভরতা হয়ে ওঠা গাসমুস হয়লুনের মাঠে ফেরার আশাবাদ জানালেন দলটি কোচ এরিক টেন হাগ। 

এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে রোববার লিভারপুলের বিপক্ষে খেলবে ইউনাইটেড। চলতি মৌসুমে বলতে গেলে কেবল এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সম্ভাবনা ‘বেঁচে’ আছে দলটির। 

গত মাসের শেষ দিকে পেশির চোটে পড়েন হয়লুন। চোটে পড়ার আগে আক্রমণভাগে দারুণ ছন্দে ছিলেন তিনি; আট ম্যাচে ৮ গোল করেন ডেনমার্কের এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। 

চোট থেকে সেরে উঠতে হয়লুনের দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে সেসময় জানিয়েছিল ইউনাইটেড। গত চার ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে খেলতে পারেননি তিনি। 

লিভারপুল ম্যাচের আগে কেবল হয়লুন নয়, ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ও অ্যারন ওয়ান-বিসাকার ফেরার প্রশ্নেও ইতিবাচক ইঙ্গিত দিলেন টেন হাগ। 

“এখনও আমাদের হাতে একটি দিন, একটি অনুশীলন সেশন আছে। এটা (চোট) থেকে তারা কীভাবে ফিরে আসে, সেটা আমাদের দেখতে হবে, কিন্তু পরিস্থিতি ভালো দেখাচ্ছে।” 

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে তারা। লিগের মুকুট ফিরে পাওয়ার সম্ভাবনা টিকে আছে কেবল কাগজে কলমে। সম্ভাবনার দিক থেকে বরং এফএ কাপ জয়ের সুযোগই তাদের জন্য এ মৌসুমে সবচেয়ে বেশি।