১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে বেনজেমাকে হারিয়ে ব্যথিত মিলিতাও

ফরাসি স্ট্রাইকারই এখন সময়ের সেরা ‘নাম্বার নাইন’, মত ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।

রিয়ালে বেনজেমাকে হারিয়ে ব্যথিত মিলিতাও

এদের মিলিতাও (বাঁয়ে) ও করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 07:21 PM

Updated : 18 Jul 2023, 07:23 PM

করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া তার সতীর্থদের অনেকের কাছেই ছিল বড় ধাক্কা। ফরাসি তারকা হঠাৎ চলে যাওয়ায় যেমন হতাশ ক্লাবটির ডিফেন্ডার এদের মিলিতাও।

ব্রাজিলের ডিফেন্ডার মিলিতাও বললেন, বেনজেমার দল ছেড়ে যাওয়া তার পুরো দলকেই নাড়া দিয়েছিল।

গত মৌসুম শেষের পর থেকে আচমকাই শুরু হয় বেনজেমার রিয়াল ছাড়ার গুঞ্জন। শুরুতে তিনি নিজেই তা একরকম নাকচ করে দেন। পরে অবশ্য তিন বছরের চুক্তিতে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে।

রিয়ালের জার্সিতে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন বেনজেমা। ২০২১-২২ মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। জেতেন ক্যারিয়ারের প্রথম ব্যালন দ’র খেতাব।

স্পেনের সফলতম দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৮ ম্যাচে বেনজেমার গোল ৩৫৪টি। তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদোর, ৪৫০টি। সাবেক ফ্রান্স ফরোয়ার্ডকে হারানো তাই রিয়ালে তৈরি করেছে বড় এক শূন্যতার।

মিলিতাওয়ের কণ্ঠেও ফুটে উঠল তাই। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় এই ব্রাজিলিয়ান বলেছেন, বেনজেমাকে হারিয়ে এখন নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।

“বেনজেমা? সে চলে যাওয়ায় অবশ্যই আমরা হতাশ ছিলাম। আমার কাছে সে বিশ্বের সেরা নাম্বার নাইন। কিন্তু জীবন থেমে থাকে না, আমাদের এখন নিজেদেরকে আবার গুছিয়ে নিতে হবে।”