নেপাল ম্যাচে আরও সুন্দর ফুটবল খেলার প্রত্যয় ছোটনের
ভুটানকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করা মেয়েদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার যেমন রোমাঞ্চ ছিল, চাপও ছিল তেমনি। তাই হয়তো সুরভি-উমেহ্লাদের প্রথমার্ধের খেলায় তাল কাটে বারবার। তবে সময় গড়ানোর সঙ্গে গুছিয়ে উঠল দল। ভুটানকে উড়িয়ে দিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে করল শুভসূচনা। জয়ে শুরুর তৃপ্তি নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটনও দৃঢ় কণ্ঠে বললেন, পরের ম্যাচে নেপালের বিপক্ষে আরও সুন্দর ও গোছালো ফুটবল খেলবে তার মেয়েরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ভুটানকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। হ্যাটট্রিক উপহার দেন সুরভি আকন্দ প্রীতি; জোড়া গোল করেন উমেহ্লা মারমা এবং একটি করে গোল থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী বাহাদুরের।
ভুটান হাই-লাইন ডিফেন্স করায় বেশ কয়েকবার অফসাইডের ফাঁদে পড়েছেন সুরভি-কাননরা। শুরুর দিকে ভুল পাস, তালগোল পাকিয়ে সুযোগ নষ্টও করতে দেখা গেছে মেয়েদের। ছোটন মনে করেন অভিজ্ঞতা না থাকায় ভুগেছে দল।
“এটা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কিভাবে প্রথম ম্যাচে মেয়েরা মানিয়ে নেয়, সেটা দেখার বিষয় ছিল। প্রথমে নামার পর একটু সমস্যা হয়েছে। কিন্ত সময় যত গেছে, তত মানিয়ে নিয়েছে। ভালো দিক ছিল…. প্রথম আন্তর্জাতিক ম্যাচ হলেও মেয়েরা পরিকল্পনার মধ্যেই ছিল এবং কাঙ্খিত জয় পেয়েছি আমরা।”
“শুরুতে ১৫-২০ মিনিট তাড়াহুড়োর মধ্যে ছিল মেয়েরা। পরে মানিয়ে নিয়েছে। শুধু সুরভি নয়, যে যখন সুযোগ পাবে সে সেরাটা দিবে। সুরভি বলুন, কানন বা পুজা বলুন, যে যখন নেমেছে, সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। যে যার পরিবর্তে নেমেছে, তার চেয়ে ভালো করেছে।”
দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ছোটনের আশা নেপাল ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দেবে মেয়েরা।
“প্রথম ম্যাচ হিসেবে মেয়েরা যা করেছে, খুশি হওয়া উচিত। ওরা আসলে শুরুতে একটু আড়ষ্ট ছিল, তবে পরে যত সময় গেছে, তত খেলাটা ধরে ফেলেছে। মেয়েদের অভিজ্ঞতা হয়ে গেছে। এটা (নেপালের বিপক্ষে) কাজে দেবে, ওই ম্যাচে আশা করি মেয়েরা আরও ভালো খেলবে।”
