২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

'র‌্যাশফোর্ডকে লড়াই করে দলে জায়গা পেতে হবে'

স্রেফ নামের জোরে কাউকে একাদশে রাখার পক্ষপাতী নন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

'র‌্যাশফোর্ডকে লড়াই করে দলে জায়গা পেতে হবে'

মার্কাস র‍্যাশফোর্ড 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 08:07 PM

Updated : 09 Dec 2023, 08:21 PM

গত মৌসুমের দ্বিতীয় ভাগে সময়টা দুর্দান্ত কেটেছিল মার্কাস র‍্যাশফোর্ডের। সেই ছন্দ যদিও চলতি মৌসুমে ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে হয়ে পড়েছেন অনিয়মিত। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের সামর্থ্য নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই; কিন্তু কেবল নামের জোরে তাকে মূল একাদশে ফেরাতে রাজি নন কোচ এরিক টেন হাগ।

একাদশে জায়গা ফিরে পেতে র‍্যাশফোর্ডকে লড়াই চালিয়ে যাওয়ার তাগাদা দিলেন ইউনাইটেড কোচ।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মলিন পারফরম্যান্সের পর সবশেষ চেলসি ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান র‍্যাশফোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে সেদিন চেলসিকে ২-১ গোলে হারায় তারা।

চলতি মৌসুমের শুরু থেকেই ফর্মের জন্য সংগ্রাম করতে হচ্ছে র‍্যাশফোর্ডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র ২ বার। যেখানে ২০২২-২৩ মৌসুমে ৫৬ ম্যাচে ৩০টি গোলে করেছিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

এই মৌসুমের শুরুতে হ্যারি ম্যাগুইয়ার ও স্কট ম্যাকটমিনের দলবদলের জোর গুঞ্জন উঠেছিল। তবে, তারা দুজনই এখন দলের নিয়মিত হয়ে উঠেছেন। র‍্যাশফোর্ডকেও এভাবে ফিরে আসতে দেখতে চান টেন হাগ।

লিগ ম্যাচে শনিবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। আগের দিন র‍্যাশফোর্ডকে নিয়ে টেন হাগ বলেন, এই মুহূর্তে শুরুর একাদশে খেলার মতো যথেষ্ট ছন্দে সবশেষ মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলস্কোরার।

“র‍্যাশফোর্ড অবিশ্বাস্য ভালো খেলোয়াড়…তবে সে সব ম্যাচেই খেলতে পারে না। গত বছর সে যেমন ফর্মে ছিল, এই মুহুর্তে তেমনটা নেই। কিন্তু আমি নিশ্চিত, সে ওই অবস্থানে ফিরবে।”

“স্কট ম্যাকটমিনে ও হ্যারি ম্যাগুইয়ারকে নিয়ে আমি যেমনটা বলেছি, বিষয়গুলো আসলে তাদের ওপরই নির্ভর করে…সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত সেরা দলই খেলবে।”