১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় পেদ্রি-গাভিদের সাহায্য করতে প্রস্তুত গিনদোয়ান

দলকে দেওয়ার এখনও তার অনেক কিছু আছে, বললেন বার্সেলোনার নতুন মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 08:59 PM

Updated : 17 Jul 2023, 09:03 PM

জার্মানি ও ইংল্যান্ডের ক্লাব ফুটবলে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতা ইলকাই গিনদোয়ানের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন তিনি সাহায্য করতে চান বার্সেলোনার তরুণ খেলোয়াড়দের। কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা তার জন্য তাই সহজ ছিল বলে জানালেন ৩২ বছর বয়সী জার্মান মিডফিল্ডার।

ম্যানচেস্টার সিটি ছেড়ে গত মাসে ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লেখান গিনদোয়ান। সোমবার নিজেদের খেলোয়াড় হিসেবে তাকে পরিচয় করিয়ে দেয় লা লিগা চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে ‘ট্রেবল’ জয়ে সিটিকে নেতৃত্ব দেন গিনদোয়ান। ইংলিশ ক্লাবটিতে সাত বছরের অধ্যায়ে পাঁচটি প্রিমিয়ার লিগসহ তিনি জেতেন মোট ১২টি বড় শিরোপা।

সংবাদ সম্মেলনে মিডফিল্ডে বার্সেলোনার তারুণ্য ও প্রতিভা নিয়ে প্রশ্নে গিনদোয়ান বলেন, দলকে দেওয়ার এখনও তার অনেক কিছু আছে।

“তারা অসাধারণ, গাভি, পেদ্রি... আমি অনেক অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি, কারণ আমার জীবন এবং আমার ফুটবল ক্যারিয়ার সহজ ছিল না। আমি মনে করি, আমার অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করতে পারে। তারা খুব প্রতিভাবান তরুণ খেলোয়াড়, যারা আমার চেয়ে ভালো করছে। তাদেরকে যদি ১ শতাংশও দিতে পারি, আমি খুশি হব।”

"যদিও আমি বয়োজ্যেষ্ঠ, চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত এবং আমার এখনও অনেক কিছু প্রমাণ করার আছে।”

সিটিতে গিনদোয়ান কাজ করেছেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ও বর্তমান কোচ শাভি এর্নান্দেসও খেলেছেন গুয়ার্দিওলার কোচিংয়ে। তাই এই স্প্যানিয়ার্ডের কোচিংয়ের ধরনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন গিনদোয়ান।

গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। নতুন মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ট্রফি জিততে সর্বোচ্চটা দিয়ে লড়ার প্রত্যয় গিনদোয়ানের।

"আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য লড়াই করার চেষ্টা করব। এই জার্সি পরার একটি দায়িত্ব আছে এবং যত বেশি সম্ভব শিরোপা জয়ের জন্য আমি যতটা সম্ভব আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”