Published : 16 Aug 2023, 09:53 PM
মৌসুমের শুরুতে আর্সেনাল শিবিরে বড় ধাক্কা। হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে।
আয়াক্স থেকে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি-তে গত মাসে আর্সেনালে যোগ দেন টিম্বার। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করে মিকেল আর্তেতার দল। ওই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান ২২ বছর বয়সী টিম্বার।
কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হয় তার। ম্যাচের ৫০তম মিনিটে হাঁটুর নিচের অংশে হাত দিয়ে চেপে ধরে মাঠে বসে পড়েন তিনি। খানিক পর মাঠ ছেড়ে যান।
আর্সেনাল বুধবার বিবৃতি দিয়ে জানায়, ডান হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন টিম্বার। কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার করানো হবে।
সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি আর্সেনাল। তবে অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাস সময় লাগে।
গত মৌসুমে আয়াক্সের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচ খেলেন টিম্বার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দলের ছয় ম্যাচের সবগুলিতে মাঠে ছিলেন তিনি।
জয় দিয়ে এবারের লিগের পথচলা শুরু করা আর্সেনাল পরের ম্যাচে আগামী সোমবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে।