২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে ২ দল গড়ে প্রশংসিত হচ্ছেন ক্লপ

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝে কয়েক দিনের মধ্যে জাতীয় দলের চারটি ম্যাচ থাকায় জার্মানি কোচের সিদ্ধান্ত ভালো লেগেছে মাথেউসের।

একসঙ্গে ২ দল গড়ে প্রশংসিত হচ্ছেন ক্লপ

সংবাদ সম্মেলনে কথা বলছেন জার্মানি কোচ ইয়ুর্গেন ক্লপ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:22 PM

Updated : 21 Sep 2026, 06:22 PM

জার্মানির কোচ হিসেবে যাত্রার শুরুতে চারটি ম্যাচের জন্য ভিন্ন দুটি স্কোয়াড গড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার এই অভাবনীয় পরিকল্পনা বেশ প্রশংসিতও হচ্ছে।

বিশ্ব ফুটবলে স্পষ্টতই এক পরাশক্তি জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কিন্তু ২০১৪ সালে সবশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে যেন নিজেদের খুঁজে ফিরছে দলটি। পরের দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর, জুন-জুলাইয়ের সবশেষ আসরে শেষ বত্রিশ থেকে ছিটকে পড়ে তারা।

কক্ষচ্যূত স্বদেশের জাতীয় দলকে পথে ফেরাতে গত জুলাইয়ে দায়িত্ব নেন ক্লপ। ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচের কোনো জাতীয় দলে এটাই প্রথম অধ‍্যায়।

আসছে আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশন্স লিগে মোট চারটি ম্যাচ খেলবে জার্মানি এবং এজন্য মোট ৪৪ জনের দুটি আলাদা স্কোয়াড গড়েছেন ক্লপ। ক্লাব ফুটবলের ঠাসা সূচির মাঝে জাতীয় দলেও এতগুলো ম্যাচ থাকায়, দুটি করে ম্যাচের আলাদা দল গঠন করার সিদ্ধান্ত বেশ মনে ধরেছে জার্মানির ১৯৯০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার মাথেউসের।

“তিনি যে ৪৪ জন খেলোয়াড়কে ডেকেছেন, এই পরিকল্পনা আমার কাছে চমৎকার লেগেছে। কেবল খেলোয়াড়দের দলে নেওয়াই নয়, আলাদা দুটি দল গঠন করাও।

“৯ কিংবা ১০ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে, তাই দুটি আলাদা স্কোয়াড গড়ায় যুক্তি আছে, মৌসুমে এরই মধ্যে (ক্লাব ফুটবলে) ঘরোয়া লিগ ও ইউরোপিয়ান টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। দারুণ ব্যাপার।”

নেশন্স লিগের গ্রুপ পর্বে প্রথম ধাপে গ্রিসের বিপক্ষে দুটি এবং নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে জার্মানি।

প্রথম দল নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে প্রথম দুই ম‍্যাচে খেলবে, এই দলে আছেন কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও নিকো শ্লটারবেক। আর দ্বিতীয় দল খেলবে সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে; এই স্কোয়াডে আছেন ফ্লোহিয়ান ভিয়েৎস, নক ভল্টেমাডা ও কারিম আডেইয়েমি।

ব্যস্ত সূচিতে খেলোয়াড়দেরকে খুব বেশি চাপে না ফেলতে এবং একই সঙ্গে ফুটবলারদের সম্পর্কে ধারণা নিতেই এই পরিকল্পনা নিয়েছেন ক্লপ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হান্স-ইয়োযাহিমের যা পছন্দ হয়েছে।

“চার ম্যাচের জন্য তার দুটি আলাদা দল গড়ার পরিকল্পনাটা বেশ আকর্ষণীয়। এমন কিছু করতে হলে আগে আপনার এমন ভাবনা আসতে হবে। আমার পছন্দ হয়েছে।

“আমি জানি, বিষয়টা নিয়ে তিনি অনেক ভেবেছেন। ইয়ুর্গেনকে দায়িত্ব দেওয়া নিয়ে আমার মধ্যে বেশ ভালো একটা অনুভূতি কাজ করছে। এই সেপ্টেম্বর থেকে আপনি ২০২৮ সালের ইউরোর কথা ভাববেন না। এখনও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে, আর সেটা এখন না করলে কখন?”

আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগে যাত্রা শুরু করবে ক্লপের দল।