Published : 20 Jan 2024, 05:45 PM
ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমে গোলের পর গোল করা আর্লিং হলান্ড চলতি মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন। কিন্তু পায়ের চোটে দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন তরুণ এই ফরোয়ার্ড। ফুটবলের সবুজ আঙিনায় বল পায়ে দৌড়াতে না পারাটা খুব পোড়াচ্ছে তাকে। খেলতে না পেরে খুবই বিরক্ত হয়ে উঠেছেন তিনি!
২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হলান্ড। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেন রেকর্ড ৩৬ গোল।
সেই ফর্ম তিনি টেনে আনেন এই মৌসুমেও। ২০২৩-২৪এ এখন পর্যন্ত ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোল ১৯টি। ১৫ ম্যাচে ১৪ গোল করে লিভারপুলের মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ স্কোরার তিনি।
কিন্তু গত মাসের শুরুতে লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে সিটির ১-০ গোলে হারের পর থেকে মাঠের বাইরে আছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। দুবাইয়ে শুক্রবার রাতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।
ওই অনুষ্ঠানেই শিগগিরই মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেন হলান্ড।
"আশা করছি, খুব শিগগিরই (মাঠে ফিরব), কারণ খেলতে না পেরে আমি বিরক্ত হচ্ছি।”
“সবাই আমাকে ম্যানচেস্টার সিটিতে মানিয়ে নিতে এবং পারফর্ম করতে সাহায্য করেছে। এটি দারুণ একটি ক্লাব, কর্তৃপক্ষের কাছ থেকে আমরা অনেক সমর্থন পাই। আমি এখানে খেলা উপভোগ করছি।”
কদিন আগে সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, জানুয়ারির শেষ নাগাদ হলান্ড পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।