১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার কোচ ক্লিন্সমান

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে কাজ করবেন এই জার্মান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2023, 05:10 PM

Updated : 27 Feb 2023, 05:10 PM

তিন বছর পর আবার ডাগআউটে ফিরছেন ইয়ুর্গেন ক্লিন্সমান। দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই জার্মান স্ট্রাইকার।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে হেরে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান পাওলো বেন্তো। এই পর্তুগিজের উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন ক্লিন্সমান।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে কাজ করবেন তিনি। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে বলে সোমবার জানিয়েছেন দেশটির ফুটবল সংস্থা।

এর আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে জার্মানির ক্লাব হের্টা বার্লিনের কোচ ছিলেন ক্লিন্সমান। লম্বা বিরতির পর আবারও কোচিংয়ে ফিরতে পেরে দারুণ খুশি তিনি।

“আমি জানি, কোরিয়ান জাতীয় দল দীর্ঘ সময় ধরে উন্নতি করছে এবং কাঙ্ক্ষিত ফল পাচ্ছে। গাস হিডিঙ্ক থেকে শুরু করে আমার পূর্বসূরি পাওলো বেন্তো, কোরিয়ান জাতীয় দলে এখন পর্যন্ত যেসব গ্রেট কোচ কাজ করেছেন, তাদের পথ অনুসরণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”

“আসছে এশিয়ান কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সফল করতে আমি আমার সর্বোচ্চ দেওয়ার জন্য মুখিয়ে আছি।”

১৯৯৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৪-০৬ পর্যন্ত স্বদেশের জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেন ক্লিন্সমান। তার হাত ধরেই ২০০৬ বিশ্বকাপে ঘরের মাঠে তৃতীয় হয় জার্মানি।

২০০৮-০৯ মৌসুম বায়ার্ন মিউনিখে কাজ করার পর ২০১১-১৬ মেয়াদে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ ছিলেন ক্লিন্সমান। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রকে কনকাকাফ গোল্ড কাপ জেতান তিনি, সেই বছর কনকাকাফের বর্ষসেরা কোচ নির্বাচিত হন ক্লিন্সমান।

৫৮ বছর বয়সী এই কোচের ছায়ায় আগামী ২৪ মার্চ প্রথম মাঠে নামবে দক্ষিণ কোরিয়া, ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা।