চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ল্যাম্পার্ড
চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছর পর আবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
শোনা যাচ্ছিল গুঞ্জন। সেটিই শেষ পর্যন্ত সত্যি হলো। মৌসুমের বাকি সময়ের জন্য চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায় বিষয়টি।
চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড। গ্রাহাম পটারের স্থলাভিষিক্ত হলেন ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার। দলের টানা ব্যর্থতার দায়ে গত রোববার বরখাস্ত করা হয় পটারকে।
প্রথম দফায় ১৯ মাস চেলসির কোচের দায়িত্ব পালন করেন ল্যাম্পার্ড। ২০২১ সালের জানুয়ারিতে তাকে ছাঁটাই করে দলটি। ২০২২ সালের জানুয়ারিতে আরেক ইংলিশ ক্লাব এভারটনের কোচ হন তিনি। এরপর গত জানুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়।
চেলসিতে এবারের সাময়িক দায়িত্বে ল্যাম্পার্ডের মূল লক্ষ্য হবে লিগে দলটিকে কক্ষপথে ফেরানো। ২৯ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১১তম স্থানে আছে তারা। গত জানুয়ারিতে প্রায় ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে নতুন খেলোয়াড়দের দলে টানলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের।
চেলসির পরবর্তী ম্যাচ লিগে আগামী রোববার, প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। এরপর চেলসির পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথম লেগের লড়াই হবে আগামী ১২ এপ্রিল, সান্তিয়াগো বের্নাবেউয়ে।
