২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

গার্সিয়ার চোট পরিস্থিতি জানার অপেক্ষায় স্পেন

মাদ্রিদে ফিরে এরিক গার্সিয়ার পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন স্পেন কোচ।

গার্সিয়ার চোট পরিস্থিতি জানার অপেক্ষায় স্পেন

এরিক গার্সিয়া। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 04:18 PM

Updated : 27 Sep 2026, 04:18 PM

ডিফেন্ডার এরিক গার্সিয়ার চোটের প্রকৃত অবস্থা জানার অপেক্ষায় আছেন লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, মাদ্রিদে ফিরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর গার্সিয়াকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

ইংল‍্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশন্স লিগে শুভ সূচনা করেছে স্পেন। এই ম‍্যাচে শুরুর একাদশে নাম ছিল গার্সিয়ার। কিন্তু ওয়ার্মআপের সময় হাঁটুতে চোট পাওয়ায় শেষ পর্যন্ত খেলতে পারেননি বার্সেলোনা ডিফেন্ডার। তার জায়গায় শুরুর একাদশে খেলেন মার্ক পুবিল।

ম‍্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, গার্সিয়ার চোটের প্রকৃত অবস্থা এখনও তাদের জানা নেই।

“ওয়ার্মআপ করার সময় তার ছোট সমস‍্যা দেখা দেয়। মাদ্রিদে ফিরে যাওয়ার পর আমরা দেখব সে খেলার জন‍্য ফিট কিনা।

“তার চোট গুরুতর কিছু মনে হয়নি। তবে আমরা এখনও জানি না, সে সামনের কোনো ম‍্যাচে খেলতে পারবে কি না। সে খেলতে না পারলে আমরা অন‍্য কাউকে খেলার জন‍্য ডাকতে পারি।”

আগামী বুধবার বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে (এএম) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।