১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরলেন মেসি

আর্জেন্টাইন তারকা পিএসজির দলের সঙ্গে অনুশীলন করেছেন কিনা, তা স্পষ্ট নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 06:52 PM

Updated : 12 May 2023, 06:05 PM

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করে নিষিদ্ধ হওয়ার সপ্তাহখানেক পর অনুশীলনে ফিরলেন পিএসজির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। 

গত সপ্তাহে লরিয়ঁর বিপক্ষে পিএসজির ৩-১ গোলে হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত তিনি। 

ফরাসি গণমাধ্যমের খবর, ক্লাবের মানা সত্ত্বেও এশিয়ার দেশটিতে ভ্রমণ করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এরপর নিজের দোষ স্বীকার করে ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান তারকা এই ফরোয়ার্ড। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার মেসির অনুশীলনের একটি ছবি পোস্ট দিয়ে পিএসজি লিখেছে, ‘সোমবার সকালে লিও মেসি অনুশীলনে ফিরেছেন।’

মেসিকে ছাড়া রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে পিএসজি। ম‍্যাচের পরদিন সাধারণত সোমবার ছুটি পান পিএসজির খেলোয়াড়রা। তাই মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন কিনা, সেটা স্পষ্ট নয়। 

লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ ভালোভাবেই আছে পিএসজি। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দ্বিতীয় স্থানে। 

পিএসজির পরের ম্যাচ আগামী শনিবার, আজাকসিওর বিপক্ষে।