২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আব্দুল হাকিম

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কয়েক বছর ধরেই শয্যাশয়ী ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 04:36 PM

Updated : 28 Aug 2022, 04:36 PM

প্রায় এক মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম। সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না জাতীয় দলের সাবেক এই ফুটবলারের। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমালেন অসীমের পানে।

শনিবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাকিম। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

আব্দুল হাকিমের বাড়ি যশোরে। দুই দফা জানাজা শেষে রোববারই তার দাফন সম্পন্ন হওয়ার কথা।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কয়েক বছর ধরেই শয্যাশয়ী ছিলেন হাকিম। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১ অগাস্ট তাকে যশোর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

স্বাধীনতার আগে ও পরে দিলকুশা স্পোর্টিং ক্লাব, ইপিআইডিসি (বর্তমানে বিজেএমসি), ওয়ান্ডারার্স, ওয়ারির মতো দলের হয়ে ক্লাব ফুটবল মাতিয়েছেন হাকিম। জাতীয় দলের হয়ে মারদেকা কাপে খেলেছেন দুই আসরে।

হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।