Published : 27 Aug 2023, 10:50 PM
লুইস রুবিয়ালেসের সম্মান রক্ষায় আগের দিন জেনিফার এরমোসোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফএফ) নিজেদের অবস্থান বদলে ফেলেছে। ‘নিষিদ্ধ’ বোর্ড সভাপতির আলোচিত-সমালোচিত ওই চুমুর ঘটনা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সংস্থাটি।
আরইএফএফ তাদের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে। এজন্য তারা বোর্ডের যৌন নিপীড়নমূলক প্রোটোকল সক্রিয় করেছে।
প্রটোকলের সুরক্ষা প্রতিনিধির দায়িত্বে আছেন নারী রেফারি মারিয়া দোলোরেস মার্তিনেস মাদরোনা। তদন্ত চলাকালীন তিনি ঘটনাটির সঙ্গে জড়িত সবার গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন।
বোর্ডে কোনো অভিযোগ আসলে আরইএফএফ-এর যৌন নিপীড়নমূলক প্রোটোকল সক্রিয় হয়। নিয়ম অনুযায়ী, মাদরোনা এখন বিষয়টির তদন্ত করবেন এবং এর ফলাফল যৌন নিপীড়ন উপদেষ্টা কমিটির কাছে পাঠাবেন।
গত সপ্তাহে নারী বিশ্বকাপের ফাইনালের পর এরমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রুবিয়ালেস। ওই ঘটনার জন্য পরে ক্ষমা চান তিনি, তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। দাবি করেন, হারমোসোরও এতে 'সম্মতি' ছিল।
এরপরই বিতর্কিত ওই ঘটনার রেশ দ্রুত নতুন নতুন মোড় নিতে থাকে। এরমোসো পরিষ্কার করে বলেন, তার কোনো সম্মতি ছিল না। তার ওই বক্তব্যকে মিথ্যাচার দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় আরএফইএফ।
এদিকে, গত বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে ফিফা। এর দুদিন পরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ৪৫ বছর বয়সী এই কর্মকর্তাকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল-সংক্রান্ত সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে।
রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্পেন সরকারও। ক্রীড়া আদালতে দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হবেন তিনি।
প্রতিবাদের ঝড় উঠেছে স্পেন নারী জাতীয় দলেও। এরমোসো সতীর্থরাসহ দেশটির ৮১ জন খেলোয়াড় জানিয়েছেন, রুবিয়ালেসকে বিদায় করা না হলে জাতীয় দলের আর খেলবেন না তারা। এদের মধ্যে আছেন বিশ্বকাপ জয়ী ২৩ জন ফুটবলারও।