২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ছন্দে থাকা ইসাককে হারানোর ধাক্কা সুইডেনের

চলতি আন্তর্জাতিক বিরতির বাকি তিন ম্যাচে এই স্ট্রাইকারকে পাবে না সুইডেন, ক্লাব লিভারপুলে ফিরে যাবেন তিনি।

ছন্দে থাকা ইসাককে হারানোর ধাক্কা সুইডেনের

আলেকসান্দের ইসাক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 09:00 PM

Updated : 27 Sep 2026, 09:00 PM

উয়েফা নেশন্স লিগ অভিযানের শুরুতেই বড় একটা ধাক্কা খেয়েছে সুইডেন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘মাইনর’ চোটে চলতি আন্তর্জাতিক বিরতির বাকি তিন ম্যাচে আলেকসান্দের ইসাক খেলতে পারবেন না এবং ক্লাব লিভারপুলে ফিরে যাবেন তিনি।

সুইডেন কোচ গ্রাহাম পটার রোববার সাংবাদিকদের ২৭ বছর বয়সি স্ট্রাইকারের চোটের বিস্তারিত তুলে ধরেন।

“তার ঊরুতে সামান্য সমস্যা ধরা পড়েছে। সমস্যাটা খুব বড় নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো ম্যাচ থাকায় সে এগুলোতে অংশ নিতে পারবে না।

“সমস্যাটা বড় না হলেও তার জন্য এবং অবশ্যই আমাদের জন্য এটি হতাশাজনক।”

গত শুক্রবার নেশন্স লিগে সুইডেনের প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন ইসাক।

পটার জানান, ওই ম্যাচেই ইসাক চোট পান।

সুইডেন পরের ম্যাচে সোমবার পোল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর বসনিয়া ও হার্জেগোভিনা এবং আবার রোমানিয়ার মুখোমুখি হবে।

অন্যদিকে, লিভারপুলের পরবর্তী ম্যাচ রয়েছে ১১ অক্টোবর, অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।