প্রথম মিনিটে গোল হজমের পর দলের প্রতিক্রিয়ায় খুশি আল্লেগ্রি
সালেরনিতানাকে উড়িয়ে দিলেও ম্যাচের শুরুতে গোল হজমের ধাক্কা খেয়েছিল ইউভেন্তুস।
ইউভেন্তুসের জয়ের স্কোরলাইন ৬-১, কিন্তু ওই এক গোল তারা হজম করেছিল প্রথম মিনিটেই! শুরুর সেই ধাক্কা দ্রুত সামলে বড় জয় তুলে নেওয়া শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। দলের এমন মানসিকতা ইউভেন্তুস কোচের কাছে ‘ভালো সংকেত।’
কোপা ইতালিয়ার শেষ ষোলোয় সালেরনিতানাকে বৃহস্পতিবার উড়িয়ে দেয় ইউভেন্তুস। বড় ব্যবধানের জয় জালের দেখা পান ফাবিও মিরেত্তি, আন্দ্রেয়া কামবিয়াসো, দানিয়েলে রুগানি, কেনান ইলদিজ ও টমি ওয়েহ; অন্য গোলটি আত্মঘাতী।
ম্যাচের শেষের সঙ্গে অবশ্য শুরুর মিল ছিল না। গাত্তির প্রথম মিনিটের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল তুলে নেয় সালেরনিতানা। ইউভেন্তুসের ঘুরে দাঁড়ানোর শুরু দ্বাদশ মিনিটে, গাত্তির গোল থেকেই।
ম্যাচ শেষে স্পোর্ত মিডিয়াসেটের সঙ্গে আলাপচারিতায় আল্লেগ্রি দলের দ্রুত ঘুরে দাঁড়ানো নিয়ে তুষ্টির কথা জানান।
“আমরা অপ্রত্যাশিত একটা গোল হজম করেছিলাম, এরপর দলের প্রতিক্রিয়া ছিল ভালো। আমরা ম্যাচে আর কখনই উল্টোরথে ছুটিনি, এটা ভালো দিক; এর মানে হচ্ছে, আমরা ভালো আছি।”
“ভীষণ মনোযোগ নিয়ে এ ম্যাচটি খেলার ছিল (সেটা আমরা করেছি)… রোববার আমরা ভিন্ন একটি দল দাঁড় করাব। এখন এই জয় অবশ্যই উপভোগ করতে হবে, কিন্তু আগামীকাল থেকে আমরা রোববারের ম্যাচ নিয়ে ভাববো।”
সালেরনিতানার জালের দেখা পেয়েছেন ইউভেন্তুসের পাঁচ জন। শেষ পর্যন্ত ব্যবধান বাড়ানোর চেষ্টায় কমতি রাখেনি তারা। ষষ্ঠ গোলটি ইউভেন্তুস পায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। দলের সবার কাছ থেকে সাড়া পাওয়ায় খুশি আল্লেগ্রি।
“সবার কাছ থেকে চমৎকার সাড়া পেলাম, আমরা বেড়ে উঠেছি। আজ, আমরা আরও ভালো খেলেছি; আক্রমণভাগে অনেক দৌড়েছি, পাসিং লাইন তৈরি করেছি। শেষ পাস দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও নিখুঁত হওয়ার প্রয়োজন ছিল, সঠিক পাস দেওয়ার হারও আমাদের বেড়েছে।”
রোববার সালেরনিতানার বিপক্ষেই সেরি আ’য় মুখোমুখি হবে ইউভেন্তুস। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে তারা।
