২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘মেসির সবশেষ ম্যাচের পারফরম্যান্স প্রতিপক্ষের জন্য এক সতর্কবার্তা’

অন্য দলগুলো এখন ইন্টার মায়ামিকে সমীহের চোখে দেখে বলে মত অভিজ্ঞ এই কোচের।

‘মেসির সবশেষ ম্যাচের পারফরম্যান্স প্রতিপক্ষের জন্য এক সতর্কবার্তা’

ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 04:20 PM

Updated : 05 Aug 2023, 04:39 PM

লিওনেল মেসি যোগ দেওয়ার আগে খুব কঠিন সময় কাটছিল ইন্টার মায়ামির। জয়ের স্বাদই যেন ভুলতে বসেছিল তারা। সেই দলই আর্জেন্টাইন তারকাকে পেয়ে জিতেছে টানা তিন ম্যাচে। স্বাভাবিকভাবেই তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত কোচ জেরাদো মার্তিনো। তিনি মনে করেন, দলে মেসি থাকা মানেই প্রতিপক্ষের জন্য তা হুমকি।

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে নতুন অধ্যায়ের শুরুটা দুর্দান্ত হয়েছে মেসি। ইন্টার মায়ামির হয়ে তিন ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন প্রতিটিতেই, করেছেন মোট পাঁচ গোল।

অভিষেক ম্যাচে বদলি নেমে অন্তিম সময়ে ফ্রি কিক থেকে দর্শনীয় গোলে জেতান দলকে। পরের ম্যাচে করেন জোড়া গোল, দলকে তোলেন লিগস কাপের নকআউট পর্বে। আর সবশেষ গত বুধবার প্রতিযোগিতাটির শেষ বত্রিশে অর‌ল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচেও দুবার জালে বল পাঠান রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী।

ক্লাবটিতে যোগ দিয়েই যেন এর চিত্র বদলে দিয়েছেন মেসি। বিশ্বকাপ জয়ী তারকা আসার আগে টানা দুই মাস ও ১১ ম্যাচ জয়হীন ছিল ইন্টার মায়ামি।

মেসির দলের পরবর্তী ম্যাচ স্থানীয় সময় আগামী রোববার, লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গত শুক্রবার মার্তিনো বলেন, অন্য দলগুলো এখন সমীহের চোখে দেখে তাদের।

“আগের দিনের ম্যাচটি (অর‌ল্যান্ডো সিটির বিপক্ষে) আগেরগুলোর চেয়ে একেবারেই ভিন্ন ছিল। সেখানে লড়াইয়ের ঝাঁজটা বেশি ছিল।”

“আমার মনে হয়, মাঠে অনেক দক্ষিণ আমেরিকান খেলোয়াড় থাকায় এমনটা হয়েছে। নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়কে সবাই সম্মান করে, কিন্তু বাস্তবতা হলো ৯০ মিনিটের লড়াইয়ে সব দলই জিততে চায়। তাই সে (মেসি) মাঠে যেভাবে খেলেছে সেটাই সঠিক ছিল, আর তা প্রতিপক্ষকে একটা বার্তাও দিয়েছিল যে, 'আমাদের দল এখানে আছে, সতর্ক থাকো।'”

দারুণ পারফরম্যান্সে নতুন ঠিকানায় এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন মেসি। নেতৃত্বের আর্মব্যান্ডও উঠেছে তার হাতে।

অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টারের মাঠের লড়াই ছিল বেশ উত্তেজনায় ঠাসা। মেসিকে আটকে রাখতে অনেকবার তাকে ফাউল করে প্রতিপক্ষ। মেজাজ হারাতে দেখা যায় ৩৬ বছর বয়সী এই মহাতারকাকে। একবার হলুদ কার্ডও দেখেন তিনি।