বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপের পর বিদায়
বিশ্বকাপের আগে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করলেও বিশ্বকাপের পর আলজেরিয়ার কোচের দায়িত্ব ছাড়তে হলো ভ্লাদিমির পেতকোভিচকে।
বিশ্বকাপের আগে নতুন চুক্তি, বিশ্বকাপে নকআউট পর্বে পা রাখা। তার পরও দায়িত্বে টিকতে পারলেন না ভ্লাদিমির পেতকোভিচ। আলজেরিয়ার কোচের দায়িত্ব থেকে বিদায় নিতেই হলো তাকে।
আলজেরিয়ার ফুটবল ফেডারেশন সোমবার বিবৃতিতে জানায়, “জাতীয় দলের প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ এবং তার কোচিং স্টাফের সাথে তাদের চুক্তিভিত্তিক সম্পর্ক আজ উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।”
পারস্পরিক সমঝোতার কথা বলা হলেও আদতে এটিকে একরকম বরখাস্ত করাই বলা চলে।
বসনিয়ান এই কোচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার দায়িত্ব নেন। এবারের বিশ্বকাপের আগে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৮ পর্যন্ত। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শুরু করলেও পরে জর্ডানকে হারিয়ে ও অস্ট্রিয়ার সঙ্গে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয় তার দল। তবে নকআউটে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়।
৬২ বছর বয়স এই কোচ ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন সুইজারল্যান্ডেরই দায়িত্বে।
আলজেরিয়া আগামী সেপ্টেম্বরে খেলবে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে।
