হাঁটুর চোটে ইউরো শেষ সার্বিয়ার কসতিচের
সেরে উঠতে ইউভেন্তুস মিডফিল্ডারের অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে মাঝের সময়ে তিনি অনুশীলন করতে পারবেন না।
ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ঘটে যাওয়া ঘটনায় আরেক ধাক্কা খেল সার্বিয়া। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন দলটির গুরুত্বপূর্ণ সদস্য ফিলিপ কসতিচ।
গত রোববার আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারে সার্বিয়া। ওই ম্যাচের ৪৩তম মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন কসতিচ।
সার্বিয়া দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের এখন কসতিচ, জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ৬৪টি ম্যাচ। মঙ্গলবার ইউভেন্তুসের এই খেলোয়াড়ের হাঁটুর স্ক্যান করানো হয়। পরে দলের চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, ৩১ বছর বয়সী মিডফিল্ডারের সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
চিকিৎকরা আরও জানিয়েছেন, কসতিচের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে মাঝের সময়ে অনুশীলন করতে পারবেন না তিনি।
এখনই অবশ্য দল ছেড়ে যাচ্ছেন না কসতিচ। স্লোভেনিয়ার বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচ সাইডলাইনে সতীর্থদের সঙ্গে থেকে উপভোগ করবেন তিনি। আগামী বৃহস্পতিবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে সার্বিয়া ও স্লোভেনিয়া।
