হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়ে যেন বেশি খুশি আর্তেতা
তবে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি না পাওয়ায় বিরক্ত আর্সেনালের এই স্প্যানিশ কোচ।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়ে যে শিক্ষা মিলেছে, তাতে আর্সেনাল আরও ভালো দলে পরিণত হবে বলে মনে করেন আর্তেতা। দলের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন এই স্প্যানিশ কোচ। একই সঙ্গে তার দৃঢ় বিশ্বাস, এই মনোভাব তার দলকে এনে দেবে শিরোপা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্তেতার দল। শেষ দিকে হেডে মিকেল মেরিনো ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে সেন্ট জেমস পার্ক থেকে জয় নিয়ে ফেরে আর্সেনাল। এই জয়ে দুই নম্বরে ফিরেছে তারা। শিরোপাধারী লিভারপুলের চেয়ে দলটি কেবল ২ পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ঘুরে দাঁড়ানো জয় থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন আর্তেতা।
“যেভাবে আমরা খেলেছ এবং লড়াই করেছি, তাতে জয় আমাদেরই প্রাপ্য। আমরা সুযোগ তৈরি করেছি। (শেষ সময়ে) আমরা নাটকীয়ভাবে জিতেছি; তবে জয় আমাদের প্রাপ্য ছিল।”
“যে সাহস, সংকল্প ও যে মান নিয়ে আজ আমরা খেলেছি, (এভাবে) আমরা নিজেদের পরবর্তী পর্যায়ে নিতে চাই। আর সেটা করতে এইসব জায়গায় এসে সেই প্রত্যয় দেখাতে হবে এবং লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা থাকতে হবে।”
বেশ কিছু সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা ছিল আর্সেনালের। নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ দারুণ কিছু সেভও করেন। একটি পেনাল্টি সিদ্ধান্ত বাতিল হয় ভিএআরের হস্তক্ষেপে। এতে ভীষণ বিরক্ত আর্সেনাল কোচ। তিনি আগেও ভিআরেরর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
“কোনো ঘটনা যদি পরিষ্কার এবং স্পষ্ট ভুল না হয়, তাহলে ভিএআরের হস্তক্ষেপ করা উচিত নয়। (ঘটনাটা) পরিষ্কার ছিল, ভিএআরের হস্তক্ষেপের প্রয়োজন ছিল না, কারণ এটা পেনাল্টি ছিল।”
ভিক্টর ইয়োকেরেশ ফাউলের শিকার হওয়ার পরও, পেনাল্টি না পাওয়ার মতো ব্যাপারগুলোর জন্য জয় আরও মধুর লেগছে আর্তেতার।
“এইসব মুহূর্তের মধ্য দিয়ে যাত্রায় এবং এই সব শিক্ষা থেকেই একটা দল ভিন্ন পর্যায়ে পৌঁছায়। এই জায়গায় আসতে হবে এবং জিততে হবে। আপনাকে কাজটা করার পথ বের করে নিতে হবে এবং সবকিছুই ছিল অসাধারণ।”
