Published : 08 Sep 2026, 10:50 PM
লিভারপুলের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় কষ্ট পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
২০২৩ সালে লিভারপুলে যোগ দেন মাক আলিস্তের। অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত।
২৭ বছর বয়সী এই ফুটবলার মঙ্গলবার জানান, লিভারপুল তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার অবস্থানে নেই বলে জানিয়েছে। অথচ দমিনিক সোবোসলাই, রায়ান খ্রাফেনবের্খের সঙ্গে চলতি বছরের শুরুতেই নতুন চুক্তি করেছে ক্লাবটি।
“আমি জানতে পেরেছি যে, ক্লাব আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার মতো পরিস্থিতিতে নেই, এতে আমার অবশ্যই খুব খারাপ লেগেছে।”
আন্দোনি ইরাওলা দায়িত্ব নেওয়ার পরও অ্যানফিল্ডে থাকার সিদ্ধান্ত নেন মাক আলিস্তের। প্রাক-মৌসুমে তিনি দলের মধ্যে ‘বিশেষ কিছু’ অনুভব করেছিলেন বলে জানান।
বোর্নমাউথের সাবেক কোচ ইরাওলা অবশ্য বলেছেন, চুক্তি নিয়ে আলোচনার জন্য এখনো সময় আছে।
মাক আলিস্তের জানিয়েছেন, গ্রীষ্মের দলবদলের সময় লিভারপুল ছাড়ার সুযোগ ছিল তার। তবে এখানে থেকে ভুল কিছু করেছেন বলে মনে করেন না তিনি।
“আমার মনে হয়, এই মুহূর্তে আমি সঠিক ক্লাবেই আছি এবং এই ক্লাবের জন্য শতভাগ দেওয়ার মানসিকতা আমার আছে।”
ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে লিভারপুল। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার একটায় (এএম) শুরু মাঠের লড়াই।