দলবদলের বাজারে নাড়া দেওয়ার অপেক্ষায় আর্সেনাল
কোচ মিকেল আর্তেতা জানালেন, দলবদলের বাজারে আর্সেনাল স্রেফ হাত গুটিয়ে বসে থাকবে না, সামনের সপ্তাহগুলোয় দলে বেশ পরিবর্তন দেখা যাবে।
নতুন মৌসুমের দলবদলের বাজারে এখনও সেভাবে সাড়া ফেলতে পারেনি আর্সেনাল। তবে নাড়া দিতে প্রস্তুত ইংলিশ চ্যাম্পিয়নরা। কোচ মিকেল আর্তেতা স্পষ্ট করেই বললেন, তার ক্লাব স্রেফ হাত গুটিয়ে বসে থাকবে না, বরং দলবদলের বাজারে সামনেই অর্থ ঢালতে তারা প্রস্তুত।
এবারের গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি, চেলসি ও টটেনহ্যাম হটস্পার বেশ অর্থ খরচ করে স্কোয়াড সমৃদ্ধ করেছে। তবে আর্সেনাল এখনও তুলনামূলকভাবে নীরব। একজন গোলকিপার ও একজন ফরোয়ার্ডকে অবশ্য দলে নিয়েছে তারা, ধারে থাকা এক ডিফেন্ডারকেও রেখে দিয়েছে নিয়মিত চুক্তিতে। তবে সেই তিনজনের কেউই খুব বড় কোনো নাম নন।
নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রুনো গিমারাইসকে তারা দলে নিতে পারে বলে গুঞ্জন আছে। ভিনিসিউস জুনিয়রের সঙ্গে রেয়াল মাদ্রিদের শেষ পর্যন্ত বনিবনা না হলে ব্রাজিলিয়ান এই তারকাও আর্সেনালে নাম লেখাতে পারেন বলে আলোচনা আছে।
আর্তেতা এই দুজনের ব্যাপারে আর্সেনালের কথিত আগ্রহ নিয়ে মুখ খোলেননি, তবে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে শনিবার জিরোনার বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর আর্সেনাল কোচ বললেন, স্কোয়াড আরও ‘উন্নত ও বিকশিত’ করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
“অবশ্যই, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা দলে পরিবর্তন ও আরও ফুটবলার যোগ করার আশা করছি।
আমরাও অন্য সবার মতো আরও সমৃদ্ধ হয়ে উঠতে চাই। দলবদলের বাজার ও আমাদের প্রতিপক্ষদের দেখলেই বোঝা যায়, আমরা কী করছি। আমরা থেমে থাকব না। আমরা যা করছি, তা নিয়ে আমরা খুবই উচ্চাকাঙ্ক্ষী।”
দলের ভেতর প্রতিযোগিতা বাড়াতেও নতুন ফুটবলার যোগ করার তাগিদ অনুভব করছেন প্রায় সাত বছর ধরে আর্সেনালের দায়িত্বে থাকা এই কোচ।
“পার্থক্য খুবই সামান্য। আমরা আরও ভালো করতে চাই এবং আমাদের খেলার মান বাড়াতেই হবে। আমাদের দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা বাড়াতে হবে। আমাদের দলে যে ব্যাপারগুলোর অভাব রয়েছে, সেগুলো চিহ্নিত করা নিশ্চিত করতে হবে।”
আর্সেনাল এখনও পর্যন্ত দলে নিয়েছে লিডস ইউনাইটেড থেকে গোলকিপার ইলান মেলিয়ে এবং ক্লাব ব্রুখা থেকে ফরোয়ার্ড ক্রিস্তস জলিসকে। এছাড়াও গত মৌসুমে বায়ার লেভারকুজেন থেকে ধারে খেলতে আসা একুয়েডরের ডিফেন্ডার পিয়েরো এনকাপিয়েকে এবার স্থায়ী চুক্তিতে রেখে দিয়েছে তারা।
প্রিমিয়ারে উঠে আসা কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২১ অগাস্ট শুরু হবে আর্সেনালের শিরোপা ধরে রাখার অভিযান।
