১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দলের রেকর্ড জয়যাত্রায় রোনালদোর ‘৯৬৮’

আল নাস্‌রের দারুণ এক রেকর্ডের দিনে হাজার গোলের মাইলফলকের দিকে আরেক ধাপ এগোলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

সাত বছরের লিগ শিরোপা খরা কাটানোর অভিযানে এবার দারুণভাবেই ছুটছে আল নাস্‌র। সেই পরিক্রমায় এবার একটি রেকর্ড গড়ে ফেলল দলটি। সৌদি প্রো লিগে নিজেদের টানা সবচেয়ে বেশি জয়ের কীর্তি গড়ে ফেলল তারা। সেই জয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল থাকবে না, তা তো আর হয় না!

সৌদি প্রো লিগে শনিবার আল আখদুদকে ২-০ গোলে হারায় আল নাস্‌র। এবারের লিগে তাদের টানা ১৪তম জয় এটি।

এই জয়ে তারা ছাড়িয়ে গেছে ২০১৩-১৪ মৌসুমের টানা জয়ের ধারাকে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চদশ মিনিটে রোনালদো এগিয়ে নেন দলকে। ডান প্রান্তে কিংসলে কোমানের কাছ থেকে বল পেয়ে নাওয়াফ বুশাল চমৎকারভাবে বল বাড়ান রোনালদোর দিকে। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল ধরে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন আল নাস্‌র অধিনায়ক।

হাজার গোলের মাইলফলকের পথে ছুটতে থাকা কিংবদন্তির গোল হলো এখন ৯৬৮টি।

চলতি লিগে রোনালদোর গোল হলো ২৪ ম্যাচে ২৪টি। ২৭ ম্যাচে ২৭ গোল করে শীর্ষে আল আহলির আইভান টনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কোমানের হেড পোস্টে লেগে ফিরে এলে জটলার মধ্য থেকে কাছ থেকে শটে বল জালে জড়ান জোয়াও ফেলিক্স।

এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল আল নাস্‌র। সবশেষ লিগ জিতেছে তারা ২০১৮-১৯ মৌসুমে। এবার ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।