১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিয়েলসার আচরণ নিয়ে সুয়ারেসের সঙ্গে একমত ভালভের্দে

উরুগুয়ে মিডফিল্ডার অবশ্য এটাও মনে করেন, এসব আলোচনা দলের মধ্যে হওয়া সবচেয়ে উত্তম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে নিয়ে লুইস সুয়ারেসের সম্প্রতি করা মন্তব্যের সঙ্গে একমত ফেদেরিকো ভালভের্দে। অভিজ্ঞ আর্জেন্টাইন কোচের কিছু আচরণ ও নিয়মের কড়াকড়ি নিয়ে যে অভিযোগ তুলেছিলেন সুয়ারেস, সেসবকে সত্যি বলেছেন রেয়াল মাদ্রিদের তারকা এই মিডফিল্ডার। তবে এসব সমস্যার সমাধান দলের ভেতরেই করা সবচেয়ে উত্তম বলে মনে করছেন তিনি।

গত বছরের মে মাসের মাঝামাঝি উরুগুয়ের কোচ হন বিয়েলসা। এরপরই নিয়মের বেড়াজালে খেলোয়াড়দের বন্দি করেন তিনি। কমপ্লেক্সে বাইরের লোকজনের আনাগোনা, তাদের সঙ্গে ওঠা-বসা, আলাপচারিতা সব বন্ধ করে দেন। কোচের এই কড়াকড়িতে বিরূপ প্রভাব পড়ে বলে সম্প্রতি ডিরেক্টটিভি শো ‘দে ফুতবল সে হাবলা আসি’র সাথে আলাপে জানান সুয়ারেস।

উরুগুয়ের খেলোয়াড়দের প্রতি আর্জেন্টাইন এই কোচের ‘শ্রদ্ধার কমতি’ আছে বলেও অভিযোগ করেন কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া সুয়ারেস।

উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার এসব মন্তব্য আলোচনার ঝড় তোলে ফুটবল বিশ্বে। সম্প্রতি বিয়েলসা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে। সেখানে সাবেক সতীর্থের অভিযোগকে সমর্থন করার পাশাপাশি নিজের ভাবনাও তুলে ধরেন তিনি।

“শেষ পর্যন্ত কিছু জিনিস আছে যা সত্যি। আপনাকে কোনো কিছুই অস্বীকার করার প্রয়োজন নেই, সর্বদা সৎ থাকতে হবে। তবে এটাও ঠিক যে, সবচেয়ে ভালো দিক হলো সমস্যাগুলো নিয়ে দলের মধ্যে কথা বলা, ওই ব্যক্তির সঙ্গে কথা বলা, যার সঙ্গে কথা বলা দরকার।”

ভালভের্দের কথার সঙ্গে সুর মেলান উরুগুয়ে জাতীয় দলের গোলরক্ষক সের্হিও রোচেতও।

“এটা সত্য যে, কিছু ঘটনা ঘটেছে। কিছু সমস্যা দেখা দিয়েছে এবং সেগুলো বন্ধ দরজার আড়ালে সমাধান করতে হবে। দলের ভালোর জন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকাই অগ্রাধিকার হওয়া উচিত।”

বিয়েলসার কোচিংয়ে সবশেষ কোপা আমেরিকায় একেবারে মন্দ করেনি উরুগুয়ে। কানাডাকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় হয় দলটি।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১২ ও ১৬ অক্টোবর পেরু ও একুয়েডরের মুখোমুখি হবে উরুগুয়ে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের টেবিলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।