২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘অজুহাত দেওয়ার অবস্থায় নেই’, দলকে টটেনহ্যাম্প ফরোয়ার্ডের বার্তা

প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার শঙ্কায় থাকা টটেনহ্যাম হটস্পারের জন্য লড়াইয়ের ডাক দিয়েছেন ডমিনিক সোলাঙ্কি।

‘অজুহাত দেওয়ার অবস্থায় নেই’, দলকে টটেনহ্যাম্প ফরোয়ার্ডের বার্তা
ডমিনিক সোলাঙ্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 05:21 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

একের পর এক ম্যাচ হেরেই চলেছে টটেনহ্যাম হটস্পার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরাজয়ে প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমনের শঙ্কা আরও বেড়েছে। বিব্রতকর পরিস্থিতিতে কোনোভাবেই পড়তে চান না ডমিনিক সোলাঙ্কি। তাই অবনমন এড়াতে সতীর্থদের সর্বস্ব দিয়ে লড়াই করার ডাক দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড। 

ঘরের মাঠে বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় টটেনহ্যাম। লিগে এনিয়ে টানা ছয় ম্যাচ জয়হীন কাটল লন্ডনের ক্লাবটির। যার মধ্যে পরাজয়ের তেতো স্বাদ পেল তারা টানা পাঁচটিতে।

ব্যর্থতার বৃত্তে বন্দি টটেনহ্যাম লিগ টেবিলে ১৬তম স্থানে আছে, অবনমন অঞ্চল থেকে দুই ধাপ উপরে। ২৯ ম্যাচ শেষে ৭ জয় ও আট ড্রয়ে ২৯ পয়েন্ট পেয়েছে তারা।

১৯৭৭ সালে সবশেষ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যায় টটেনহ্যাম। গত মৌসুমেও অবনমনের শঙ্কায় পড়েছিল তারা। পরে কোনোমতে ১৭তম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। 

এবারও তাদের সামনে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও উপরে তুলে আনার। লিগে এখনও বাকি ৯ রাউন্ড। টিএনটি স্পোর্টসে সোলাঙ্কি বললেন, যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে বের হতে হবে তাদের। আর এরজন্য সামনের প্রতিটি ম্যাচে দলের সবার সর্বোচ্চটা চাইছেন তিনি।

“আমরা কেবলই দীর্ঘ একটা আলোচনা করেছি। জানি, (পয়েন্ট টেবিলে) যেখানে আছি, অবশ্যই এটা আমাদের প্রত্যাশিত অবস্থান নয়। এখান থেকে বের হওয়ার পথ যত দ্রুত সম্ভব খুঁজতে হবে। আমরা জানি, অনেক সমস্যা ছিল, কিন্তু এখন আর অজুহাত দেওয়ার অবস্থায় আমরা নেই। আমাদের লড়াই করতে হবে এবং কোন অবস্থায় আছি সেটা বুঝতে হবে।”

“ক্লাব এমন অবস্থার অভ্যস্ত নয় আমরা জানি। তাই পরিস্থিতি আমাদের বুঝতে হবে এবং এটাও বুঝতে হবে যে, কাজটা সহজ হবে না। আমাদের প্রতিটি ম্যাচে, প্রতিটি মিনিট লড়াই করতে হবে, যাতে (টেবিলে) উন্নতি নিশ্চিত করতে পারি।”

লিগে টটেনহ্যামের পরের ম্যাচ আগামী রোববার, প্রতিপক্ষ লিভারপুল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।