Published : 11 May 2026, 05:56 PM
রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে পাওলো দিবালার। নতুন প্রস্তাব না পাওয়ায়, ক্লাবটিতে চলতি মৌসুমই শেষ দেখছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পরিস্থিতির বিচারে দিবালার ধারণা, লাৎসিওর বিপক্ষে আসছে লড়াইটিই রোমার হয়ে ঘরের মাঠে তার শেষ ম্যাচ।
ইউভেন্তুসে সাত বছর কাটিয়ে ২০২২ সালে রোমায় যোগ দেন দিবালা এবং ক্লাবটিকে নিজের অভিষেক মৌসুমেই ইউরোপা লিগে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
কিন্তু চোটের ছোবলে চলতি মৌসুমে খুব ভুগতে হয়েছে তাকে। প্রথমে হ্যামস্ট্রিংয়ে সমস্যার পর, গত মার্চে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি; সব মিলিয়ে চার মাসের মতো মাঠের বাইরে কাটাতে হয় তাকে।
এবারের সেরি আয় কেবল দুটি গোল করতে পেরেছেন দিবালা। মৌসুমে সব মিলিয়ে ২৫ ম্যাচ খেলে করেছেন তিন গোল, সঙ্গে অ্যাসিস্ট পাঁচটি। আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হবে।
চলতি মৌসুমে রোমার বাকি আছে আর দুটি ম্যাচ, সেরি আয়। আগামী রোববার তারা ঘরের মাঠে খেলবে লাৎসিওর বিপক্ষে। এই ম্যাচটিতেই হয়তো রোমার জার্সি গায়ে নিজেদের মাঠে শেষবারের মতো দেখা যাবে তাকে, স্কাই ইতালিয়াকে বলেন দিবালা।
“সত্যি বলতে, আমি নিজে থেকে কিছু জানতে চাই, কিন্তু ক্লাব এখনও আমার সঙ্গো যোগাযোগ করেনি। চুক্তি অনুযায়ী, আসছে ডার্বিই হয়তো (ঘরের মাঠে) রোমা সমর্থকদের সামনে আমার শেষ ম্যাচ…মৌসুম শেষে কী হয়, দেখা যাক।”
সবশেষ ম্যাচে রোববার পার্মার বিপক্ষে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রোমা। ম্যাচটিতে একটি অ্যাসিস্ট করেন দিবালা।
৩৬ ম্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে রোমা। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে চতুর্থ স্থানে এসি মিলান।
সেরি আর পয়েন্ট টেবিলের প্রথম চার দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।