১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ-পর্যায়ের নিরাপত্তার মধ‍্যে মুম্বাইয়ে মেসি

স্টেডিয়াম এলাকায় মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি পুলিশ সদস্য।

বিশ্বকাপ-পর্যায়ের নিরাপত্তার মধ‍্যে মুম্বাইয়ে মেসি
ভারত সফরে লিওনেল মেসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

কলকাতার বিশৃঙ্খল পরিস্থিতি মাথায় রেখে লিওনেল মেসির সফরে কোনো ফাঁক রাখতে চায়নি মুম্বাই প্রশাসন। আর্জেন্টাইন মহাতারকার জন‍্য কড়া নিরাপত্তা ব‍্যবস্থা গ্রহণ করেছে তারা। প্রতিটি অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিশ্বকাপ-পর্যায়ের নিরাপত্তা ব‍্যবস্থা রেখেছে।    

‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর দ্বিতীয় দিনে রোববার দুপুরে মুম্বাইয়ে পৌঁছান মেসি। প্রথমে যান তাজ কোলাবায়। সেখান থেকে তার সূচি ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায়। সেখানে ‘গোট ক্লাব’ এর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ছিল তারকাদের নিয়ে একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচ। দিনের শেষভাগে বিকেল পাঁচটার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার কথা মেসির, যা তার মুম্বাই সফর পর্বের মূল আকর্ষণ।

মেসি এবং তার দুই ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো দে পলের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি স্টেডিয়াম এলাকায় মোতায়েন করা হয়েছে দুই হাজারের বেশি পুলিশ সদস্য। বসানো হয়েছে ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। ভেন্যুর ভেতরে পানির বোতল, ধাতব বস্তু ও কয়েন নিষিদ্ধ করা হয়েছে।

মেসির ভারত সফরের প্রথম দিন শনিবার কলকাতায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেসিকে দেখতে না পারায় সল্ট লেক স্টেডিয়ামে তাণ্ডব চালান দর্শকরা। সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পরে গোছানো আয়োজনে মেসিকে বরণ করে নেয় হায়দারাবাদ।