১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোয় সুইজারল‍্যান্ড

দুই অর্ধের দুই গোলে আলজেরিয়াকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে মুরাত ইয়াকিনের দল।

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোয় সুইজারল‍্যান্ড
গোল করে দান এনদোয়ের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 11:13 AM

Updated : 11 Sep 2026, 03:34 PM

বল দখলে এগিয়ে থাকল আলজেরিয়া। কিন্তু বড় সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা এসবে এগিয়ে থাকল সুইজারল‍্যান্ড। আসল কাজ অর্থাৎ গোলও করল তারাই। তাতে রিয়াদ মাহরেজদের বিদায় করে মুরাত ইয়াকিনের দল জায়গা করে নিল শেষ ষোলোয়।

ভ‍্যানকুভারে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ বত্রিশের ম‍্যাচটি ২-০ গোলে জিতেছে সুইজারল‍্যান্ড। বাগাইল এমবোলো প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়িয়েছেন দান এনদোয়ে।

প্রায় ৪৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১১টি শট নেয় সুইজাল‍্যান্ড। এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আট শট নিয়ে দুটি লক্ষ‍্যে রাখতে পারে আলজেরিয়া।

ষষ্ঠ মিনিটে ম‍্যাচের প্রথম সুযোগ পায় আলজেরিয়া। রাফিক বেলগালির ক্রসে ডামি করেন মাহরেজ, বিপজ্জনক জায়গায় বল পান হোসাম আওয়ার। কিন্তু ঠিকঠাক শটই নিতে পারেননি তিনি।

একাদশ মিনিটে এগিয়ে যায় সুইজারল‍্যান্ড। জালের দেখা পান এমবোলো। কিন্তু এতে বড় ভূমিকা জোহান মানজাম্বির। 

মাঝ মাঠে বল পেয়ে পায়ের কারিকুরি দেখিয়ে গতিতে এগিয়ে যান তিনি। বাইলাইন থেকে তার কাটব‍্যাকে আলজেরিয়া ডিফেন্ডার রায়ান আইত নুরির চ‍্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন এমবোলো।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ইব্রাহিম মাজা। মাহরেজের ক্রসে তড়িঘড়ি করে শট নিতে গিয়ে লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি। পাশেই থাকা আওয়ারের ভারসাম‍্য ঠিক ছিল, তিনি শট নিলে হয়তো আরও ভালো হতে পারত।

বিরতির পর ফিরেই ব‍্যবধান দ্বিগুণ করে সুইজারল‍্যান্ড। ৪৮ সেকেন্ডের মাথায় চমৎকার শটে জাল খুঁজে নেন এনদোয়ে।

৫০তম মিনিটে মাহরেজের শট ঠেকিয়ে ব‍্যবধান কমতে দেননি সুইজারল‍্যান্ডের এক ডিফেন্ডার। 

৮১তম মিনিটে চমৎকার রিফ্লেক্স দুর্দান্ত দুটি ডাবল সেভে আলজেরিয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক লুকা জিদান। কিন্তু বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করে পারেননি তার সতীর্থরা। 

আক্রমণাত্মক ফুটবলে চাপ ধরে রাখলেও ব‍্যবধান আর বাড়াতে পারেননি সুইজারল্যান্ড। 

ভ‍্যানকুভারেই আগামী ৭ জুলাই কলম্বিয়া কিংবা ঘানার বিপক্ষে শেষ ষোলোর ম‍্যাচে খেলবে সুইজারল‍্যান্ড।