Published : 25 Oct 2024, 06:08 PM
প্রথমার্ধে গোল স্রেফ একটি। বিরতির পর রীতিমতো গোল উৎসবে মেতে উঠল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একাই করলেন চার গোল। বিশাল জয়ে মাঠ ছাড়ল সাইফুল বারী টিটুর দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে শুক্রবার ম্যাকাওয়ের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে বাংলাদেশ।
কম্বোডিয়ার প্রিন্স স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ৪০তম মিনিটে দলকে এগিয়ে নেন ফয়সাল। ৬৬ ও ৭৪তম মিনিটে দুই গোল করেন মানিক। এর মাঝে ৭১তম মিনিটে জালের দেখা পান রিফাত।
৭৫, ৮১ ও ৮৩তম মিনিটে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন ফয়সাল।
কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের হারে বাছাই শুরুর পর ফিলিপাইনকে একই ব্যবধানে হারায় বাংলাদেশ। এবার এলো বড় জয়।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে তিনে আছে বাংলাদেশ। তাদের সমান পয়েন্ট নিয়ে কম্বোডিয়া দুইয়ে, আফগানিস্তান শীর্ষে আছে। এই দুই দল অবশ্য ম্যাচ খেলেছে দুটি করে।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ পাবে মূল পর্বে খেলার টিকেট।