আর্সেনালের জেসুসকে দলে নেওয়ার কাছাকাছি বার্সেলোনা, খবর বিবিসির
হুলিয়ান আলভারেসকে না পেয়েই হয়তো এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দিকে নজর দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
দলে একজন স্ট্রাইকারের প্রয়োজনের কথা বারবার বলেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার সেই চাওয়া হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। বিবিসির খবর, আর্সেনালের গাব্রিয়েল জেসুসকে চুক্তিভুক্ত করার কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে কাতালান ক্লাবটি।
আগামী মঙ্গলবার গ্রীষ্মের দলবদল শেষ হবে। বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর আগেই চুক্তির সবকিছু চূড়ান্ত করতে কাজ করছে দুই পক্ষ।
২৯ বছর বয়সী ফুটবলারের জন্য বার্সেলোনার খরচ হতে পারে এক কোটি ইউরো।
জেসুসকে কিনতে আগ্রহ প্রকাশ করেছিল নাপোলিও। তবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন লা লিগা চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিতে যাচ্ছেন।
ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মেডিকেল সারতে সোমবার তিনি বার্সেলোনায় যাবেন।
দলে নাম্বার নাইনের শূন্যতা পূরণে প্রথমে হুলিয়ান আলভারেসকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে কিছুতেই বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না, গত বৃহস্পতিবার সাফ জানিয়ে দেয় আতলেতিকো মাদ্রিদ।
এরপরই এলো জেসুসের স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনার খবর।
ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে আর্সেনালে যোগ দিয়ে দলটির হয়ে ১২৩ ম্যাচ খেলে ৩২টি গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন জেসুস। লন্ডনের ক্লাবটির হয়ে গত মৌসুমে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা।
