১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে টটেনহ্যামে ইতালিয়ান মিডফিল্ডার

গণমাধ্যমের খবর, ১০ কোটি পাউন্ডে সান্দ্রো তোনালিকে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে টটেনহ্যামে ইতালিয়ান মিডফিল্ডার
সান্দ্রো তোনালি। ছবি: টটেনহ্যাম হটস্পার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 10:14 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

মাঝমাঠে শক্তি বাড়াতে নিউক্যাসল ইউনাইটেড থেকে সান্দ্রো তোনালিকে দলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। গণমাধ্যমের খবর, এই ইতালিয়ান মিডফিল্ডারের জন্য ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি খরচ হয়েছে। 

২৬ বছর বয়সী তোনালিকে চুক্তিভুক্ত করার কথা সোমবার জানায় টটেনহ্যাম। চুক্তির মেয়াদ ও আর্থিক বিষয়ে কিছুই খোলাসা করেনি কোনো ক্লাব।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তোনালিকে ১০ কোটি পাউন্ডে দলে টেনেছে টটেনহ্যাম। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৯ কোটি ২৫ লাখ পাউন্ড পরিশোধ করেছে টটেনহ্যাম।

ট্রান্সফার ফির সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ না করলেও নিজেদের বিবৃতিতে একটি ধারণা দিয়েছে নিউক্যাসল, “অপ্রকাশিত এই ট্রান্সফার ফি নিউক্যাসল ইউনাইটেডের ইতিহাসে কোনো খেলোয়াড় বিক্রি করে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ ফি।”

আলেকসান্দার ইসাককে গত সেপ্টেম্বরে সাড়ে ১২ কোটি পাউন্ডে লিভারপুলে বিক্রি করেছিল নিউক্যাসল, ক্লাবটির ইতিহাসে সেটাই রেকর্ড।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠে নিউক্যাসল। দলের ওই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তোনালি। সব মিলিয়ে, গত মৌসুমে ৫৩ ম্যাচে তিনটি গোল ও সাতটি অ্যাসিস্ট করেন তিনি।

২০২৩ সালে নিউক্যাসলে যোগ দেন তোনালি। ২০২৫ সালে দলটির লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছিলেন এই ফুটবলার। কিন্তু এখন পাড়ি জমালেন নতুন ঠিকানায়।

গত মৌসুমে কোনোরকমে অবনমন এড়িয়ে, সপ্তদশ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে টটেনহ্যাম।