‘পাকিস্তান ম্যাচের ভুল ভারতের বিপক্ষে নয়’, বললেন মনিকা
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সময় যত গড়াচ্ছিল, দলের মধ্যে অজানা ভীতিও কাজ করছিল বলে জানালেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মনিকা চাকমা।
হাসিমুখে মনিকা চাকমা বললেন, ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে পাওয়া পুরস্কারের অর্থ দিয়ে তিনি সতীর্থদের খাওয়াবেন। তবে, তার এই হাসির মধ্যে যতটা তৃপ্তির ঝিলিক থাকার কথা ছিল, তা নেই। কারণ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি তারা, পায়নি কাঙ্ক্ষিত জয়। তবে, প্রথম ম্যাচের ভুল শুধরে ভারতের বিপক্ষে সেরাটা নিংড়ে দিয়ে বাংলাদেশকে জেতাতে চান মনিকা।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ভারত রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন, বাংলাদেশ এই ট্রফির স্বাদ পায় গতবারই প্রথম।
মুকুট ধরে রাখার অভিযানের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। যে পাকিস্তানকে গতবার গ্রুপ পর্বে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল, এবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে কোনোমতে ১-১ ড্র করেছে তারা। মনিকা বললেন, শেষ দিকে তাদের মধ্যে ভীতি, শঙ্কা উঁকি দিয়েছিল প্রবলভাবে।
“গতকাল যেহেতু আমাদের খেলা ছিল (পাকিস্তানের বিপক্ষে), আমরাও চেষ্টা করেছি যথেষ্ট, যেহেতু আমরা ১-০ গোলে হেরে যেতে বসেছিলাম, আমাদের ভেতরে অনেক…বলতে গেলে একটা ভয় কাজ করছিল, শেষ পর্যন্ত আমাদের ফল কী হবে? ভয়ে ছিলাম। শেষ মুহূর্তে গিয়ে ড্র করেছি। পাকিস্তানের বিপক্ষে এই ফলে আমরা খেলোয়াড়রা সন্তুষ্ট না। প্রধান কোচ হয়তবা সন্তুষ্ট হয়েছে এই পারফরম্যান্সে, কিন্তু আমরা খুশি না। কেননা, বিগত দিনে পাকিস্তানকে আমরা ৫-০, ৬-০, ৭-০ গোলে অনেকবার হারিয়েছি।”
“যেহেতু এবার প্রথমেই আমরা হেরে যেতে বসছিলাম, তো একটা ভয়ও কাজ করছিল, পাকিস্তানের কাছে যদি আমরা হেরে যাই, সেটা দুর্ভাগ্যজনক এবং আমাদের ও বাংলাদেশের জন্যও সেটা খুবই খারাপ। আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারছিলাম না। তবে আমরা চেষ্টা করেছি, আমাদের সর্বোচ্চটা দেওয়ার।”
ম্যাচের পর কোচ পিটার জেমস বাটলারের সাথে তেমন আলোচনা হয়নি মেয়েদের। মনিকা জানালেন তারা নিজেদের মধ্যে ভুল-ত্রুটিগুলো নিয়ে কথা বলেছেন, ভারত ম্যাচে করতে চান না কোনো ভুলের পুনরাবৃত্তি।
“পাকিস্তানের বিপক্ষে আমরা তো একের পর এক আক্রমণ করেছি, আমাদের ফিনিশিংয়ে একটু সমস্যা ছিল, এজন্য হয়ত পারিনি।”
“আমরা খেলোয়াড়রা সবাই সবার সাথে আলাপ করেছি, কোন জায়গাতে কার কার ভুল হয়েছে বা কিভাবে খেলা দরকার, এগুলো নিয়ে আসলে সবাই আলোচনা করেছি। কী করলে আরও ভালো হতো সেটা নিয়েও আমরা খেলোয়াড়রা আলোচনা করেছি।”
