শুটিং
Published : 29 Jan 2026, 05:23 PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শুটিং দলকে দেশটিতে সফরের অনুমতি দিয়েছে সরকার। এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের যাওয়ার জন্য সরকারি আদেশ (জিও) পেয়েছেন শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তার।
দিল্লিতে সোমবার শুরু হবে প্রতিযোগিতাটি। এতে অংশ নিতে রবিউলকে বুধবার জিও দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জিও না পাওয়ায় ভারত সফরে তার যাওয়ার বিষয়টি ছিল ঝুলে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরও অনুমতি পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কোচ শারমিন আক্তার।
“দুই মন্ত্রণালয় থেকে জিও পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জিও পেয়েছি আজ। এখন আমাদের পুরো মনোযোগ টুর্নামেন্ট ঘিরে। যেহেতু অনেক দিন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা হয়নি, আমরা চেয়েছিলাম, এই আসর দিয়ে শুটারদের খেলার মধ্যে রাখতে। রবিউল অনুশীলনে বেশ ভালো স্কোর করছে। ভালো কিছুর প্রত্যাশা নিয়েই আমরা যাচ্ছি।”
২০২৪ প্যারিস অলিম্পিকসের পর এই প্রথম বাংলাদেশ শুটিং ফেডারেশন কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিচ্ছে। প্রস্তুতির কমতি থাকলেও দিল্লির আসর নিয়ে আশাবাদী শুটার রবিউলও।
“আসলে এক বছর পর ক্যাম্প শুরুর হয়েছিল আমাদের। দুই মাস চলার পর ফের বন্ধ হয়ে গিয়েছিল। এ মাসের শুরু থেকে ফের শুরু হয়। সব মিলিয়ে ২০ দিন অনুশীলন করতে পেরেছি। প্রস্তুতির কমতি রয়ে গেল কিছুটা। তবে অনুশীলনে চেষ্টা করেছি ভালো স্কোর করার। দিল্লিতে ভালো স্কোর করে সাফল্য পাওয়াই লক্ষ্য এখন।”
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি ক্রিকেট দলকে দেয়নি সরকার। তবে এশিয়ান রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপের খেলা ‘সংরক্ষিত এলাকায়’ এবং ইনডোরে হবে। তাছাড়া আয়োজকরা কোচ, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বলে গণমাধ্যমকে জানান যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
“বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে, নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে ও সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।”
এ সফরে অংশ নিবে দুই সদস্যের বাংলাদেশ দল। একমাত্র শুটার রবিউল, এছাড়া কোচ হিসেবে আছেন শারমিন আক্তার। আগামী বৃহস্পতিবার রবিউলের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট শুরু হবে।