২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাথা উঁচু করে দেশে ফিরতে পারে তুরস্ক’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আসরজুড়ে দল যে মানসিকতা দেখিয়েছে, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তুরস্কের কোচ ভিনচেনজো মন্তেল্লা।

‘মাথা উঁচু করে দেশে ফিরতে পারে তুরস্ক’
শেষটা ভালো করার উচ্ছ্বাস তুরস্কের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 04:05 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছে। আসরের সহ-আয়োজকদের একটি, দুর্দান্ত ছন্দে থাকা যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। দলটির কোচ ভেনচেনজো মন্তেল্লা বলেছেন, মাথা উঁচু করে দেশে ফিরতে পারেন আর্দা গিলেররা।

শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় দুই যুগ পর বিশ্বকাপে ফেরা তুরস্ক।

আসরের শুরুটা ভালো হয়নি তাদের। বল দখল ও আক্রমণে আধিপত্য করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় তারা। প্যারাগুয়ের বিপক্ষে তো আরও ভালো খেলে দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি ওই লড়াইয়েও, পেতে হয়ে ১-০ ব্যবধানের হারের তেতো স্বাদ। 

অবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলের দেখা পায় তুরস্ক। জমজমাট লড়াইয়ে ম্যাচের শেষ শটে গোল করে জয় নিশ্চিত করে তারা।

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে না পড়ে শেষ ম্যাচেও নিজের সামর্থ্য, দক্ষতা দেখায় তুরস্ক। দলের এই দৃঢ়তায় মুগ্ধ মন্তেল্লা।

“আমরা মাথা উঁচু করেই দেশে ফিরতে পারি। ফুটবল আপনাকে কষ্ট দেবে, তবে ম্যাচ শেষে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম… আজকের ম্যাচটি আমার কাছে এক হাজার জয়ের চেয়ে বেশি মূল্যবান।”

আসর জুড়েই অনেক সুযোগ তৈরি করেছে তুরস্ক। কিন্তু গোলমুখে নিখুঁত হতে পারেনি তারা। তবে এর জন্য আলাদা করে কাউকে দোষারোপ করতে নারাজ মন্তেল্লা।

তার মতে, প্রথম দুই ম্যাচে ভাগ্য তাদের সহায় ছিল না। ওই দুই লড়াই ড্র হলেও তাদের অবস্থান বদলে যেত। তবে ‘ফুটবল সবার প্রতি সবসময় সুবিচার করে না’, এটা মেনে নিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ বাঁশি বাজার পর দলের খেলোয়াড়দের উদযাপনও মনে ধরেছে মন্তেল্লার। এই উল্লাসের মাঝে দেশের প্রতি ভালোবাসা দেখছেন তিনি। ভবিষ্যতে এই দলের আরও ভালো করার আত্মবিশ্বাসও পাচ্ছেন ইতালিয়ান কোচ।

এর আগে ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল তুরস্ক। সেবার দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় হয়েছিল দলটি। বিশ্বকাপে ফিরতে এত বেশি সময় সামনে লাগবে বলে মনে হচ্ছে না মন্তেল্লার।

“আশা করি, আমরা আরও ভালো করব। তবে তার জন্য ২৪ বছর নয়, আরও অনেক আগেই ফিরতে পারব।”