সনকে ‘ব্ল্যাকমেইল’ করা নারীর ৪ বছরের কারাদণ্ড
দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলারের থেকে ৩০ কোটি ওন নিয়েছিল ওই নারী।
দক্ষিণ কোরিয়ান তারকা ফুটবলার সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার দায়ে বড় শাস্তি পেয়েছেন এক নারী। তাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে সিউল ডিস্ট্রিক্ট আদালত।
স্থানীয় গণমাধ্যমের খবর, শুনানিতে বলা হয়েছে, গত বছরের কোনো এক সময় বিশোর্ধ্ব বয়সী ওই নারী সনের কাছে দাবি করেছিলেন যে, তার গর্ভে সনের সন্তান।
সনের কাছ থেকে ২০২৪ সালে ৩০ কোটি ওন (কোরীয় মুদ্রা) জোরপূর্বক নেন ওই নারী। তার কথা না মানলে বিষয়টি জনসমক্ষে প্রকাশ করার হুমকিও দেন তিনি।
তিনি পরে চলিশোর্ধ্ব এক পুরুষের সঙ্গে ষড়যন্ত্র করে সনের থেকে আরও অর্থ নেওয়ার চেষ্টা করেন। ওই সহযোগী সনকে অর্থের জন্য ১৫ বারের মতো হুমকি দেয়। যে অপরাধে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
চলতি বছর যখন তারা সনের কাছে আরও অর্থ দাবি করে, তখন পুলিশের কাছে যান গত অগাস্টে ইংলিশ ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেওয়া এই লেফট-উইঙ্গার। যার প্রেক্ষিতে এলো এই রায়।
টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলসের হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী সন।
