ব্যর্থতায় ভরা মৌসুম, তারপরও কাসেমিরোর চোখে এটা সেরাগুলোর একটি!
কিছুটা অদ্ভুত শোনালেও, এর পেছনের যথার্থ কারণ তুলে ধরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
রেয়াল মাদ্রিদে সাফল্যে ভরা ৯ বছরে মোট ১৮টি শিরোপা জিতেছেন কাসেমিরো, এর মধ্যে পাঁচটিই চ্যাম্পিয়ন্স লিগ! সেই তিনিই কি-না ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভীষণ সাদামাটা চলতি মৌসুমকেই তার ক্যারিয়ারের ‘সেরা মৌসুমগুলোর একটি’ বলছেন!
প্রিমিয়ার লিগের টেবিলে এবার ১৬ নম্বরে অবস্থান ক্লাবটির জন্য ভীষণ রকমের বিব্রতকর। যদিও টানা ব্যর্থতার মাঝে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইউনাইটেড। তবে, কাসেমিরোর কাছে মৌসুমটা বিশেষ হয়ে ওঠার কারণ এসব কিছু নয়। ব্যক্তিগত পারফরম্যান্সে কঠিন সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারাটাই বেশি আনন্দ দিচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।
ওল্ড ট্র্যাফোর্ডে হুবেন আমুরি কোচ হয়ে আসার পরই মূলত এই গল্পের শুরু। প্রথমদিকে পর্তুগিজ এই কোচের মন জয় করতে পারেননি কাসেমিরো। দলে তার জায়গাও নড়বড়ে হয়ে পড়ে। এমনকি জানুয়ারির দলবদলে তার ঠিকানা পরিবর্তনের গুঞ্জন ওঠে বেশ জোরেশোরে।
তবে হার মানতে চাননি কাসেমিরো। শুরু করেন আরও বেশি পরিশ্রম। কঠিন অধ্যাবসায়ের পর আমুরির আস্থা অর্জন করেন, দলে পুরোনো জায়গাও ফিরে পান। এফএ কাপের সেমি-ফাইনালেই যেমন আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দুই লেগেই জালের দেখা পান তিনি, দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠে তার দল।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের কথা তুলে ধরলেন কাসেমিরো।
“এটি আমার ক্যারিয়ারের ওই মৌসুমগুলো একটি, যেটাকে নিয়ে আমি সবচেয়ে বেশি গর্ব অনুভব করি, কারণ এবার এমন একটা অবস্থা হয়েছিল, যেই অভিজ্ঞতা আমার দীর্ঘসময়ে হয়নি, যখন আমার ওপর কোচের আস্থা ছিল না। এমন সময়ে পরিশ্রম করে যেতে হয় এবং ভালোভাবে নিজের কাজ করতে হয়।”
“নিজের কাছে এই বিষয়টা পরিষ্কার থাকতে হয়, অবশ্যই সবাই শিরোপা জিততে চায়। কিন্তু, আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে সফল মৌসুমগুলোর একটি, নিঃসন্দেহে এটাই। কঠোর পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে (কঠিন) সময় কাটিয়ে ওঠার জন্য।”
হতাশাময় পথচলার মাঝেও অনেক বড় প্রাপ্তির হাতছানিতে বুধবার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারাতে পারলে শিরোপা হাসি নিয়ে মৌসুম শেষ করার পাশাপাশি, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা পাকা হয়ে যাবে দলটির।
বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে অল ইংলিশ ফাইনাল ম্যাচটি।
