২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ে ইয়ামাল-রাফিনিয়াদের সেরাটা চান ফ্লিক

‘দারুণ এক দল ও সেরা কোচদের একজনের বিপক্ষে খেলব আমরা’, বলেন বার্সেলোনা কোচ।

আতলেতিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ে ইয়ামাল-রাফিনিয়াদের সেরাটা চান ফ্লিক
লা লিগায় সবশেষ চার ম্যাচে জিতেছে হান্সি ফ্লিকের দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

হারে আসর শুরুর পর টানা ১৩ ম্যাচে অপরাজিত এবং সবশেষ ছয়টিতেই জয়- পরিসংখ্যানই বলে দিচ্ছে লা লিগায় কতটা ছন্দে আছে আতলেতিকো মাদ্রিদ। তাদের বিপক্ষেই এবার খেলতে হবে বার্সেলোনাকে। লড়াইটা খুব কঠিন হবে বলে মনে করেন হান্সি ফ্লিক। দলের খেলোয়াড়দের তাই সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার বার্তা দিলেন বার্সেলোনা কোচ।   

কাম্প নউয়ে মঙ্গলবার আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

লিগে গত চার রাউন্ডে জয়ী বার্সেলোনা ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে দিয়েগো সিমেওনের দল আতলেতিকো। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে প্রশংসায় ভাসান ফ্লিক। জার্মান কোচের মতে, জয়ের ধারায় থাকতে খুব পরিশ্রম করতে হবে তাদের।   

“আমরা জানি, দারুণ এক দল ও সেরা কোচদের একজনের বিপক্ষে খেলব আমরা। কঠিন ম্যাচ হবে। আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি টেবিলের দিকে তাকান, দেখবেন খুব ভালো কিছু দল প্রস্তুত। আমরা সবাই একইরকম চ্যালেঞ্জের মুখে আছি। আমাদের খেলোয়াড়রা ফিরছে (চোট কাটিয়ে) এবং আমাদের মান বাড়াতে পারব আমরা।”

“এমন একটি দলের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে। আমার মতে, তারা ইউরোপের সেরা দলগুলোর একটি। আমি তাদের খেলা দেখতে পছন্দ করি; আক্রমণভাগে তারা খুব ভালো। আমাদেরও মান রয়েছে এবং আমাদের তা দেখাতে হবে।”