২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চেলসিকে জিতিয়ে ভক্তদের ধৈর্য ধরতে বললেন পালমার

তরুণ এই ইংলিশ মিডফিল্ডার মনে করেন, দলকে কক্ষপথে ফেরাতে কোচ মাওরিসিও পচেত্তিনোর আরও সময় দরকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 04:28 PM

Updated : 12 Mar 2024, 04:28 PM

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চেলসির জয়ের নায়ক কোল পালমার সমর্থকদের কাছে আরেকটু সময় চাইলেন। বললেন, আর একটু ধৈর্য ধরতে। তরুণ এই ইংলিশ মিডফিল্ডারের দৃঢ় বিশ্বাস, মাওরিসিও পচেত্তিনোর চমৎকার কাজের ফল একদিন মিলবেই। 

পচেত্তিনোর ব্যয়বহুল স্কোয়াড মৌসুম জুড়ে ধারাবাহিকতা খুঁজে ফিরছে। আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ২-২ গোলে ড্রয়ের পর সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন চেলসি কোচ ও দলটির মার্কিন মালিকরা। 

স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন পালমার। একটি গোল করেছেন, আরেকটিতে অবদান রেখেছেন। নিউক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে চেলসি।

এরপর ক্লাবের ওয়েবসাইটে তরুণ মিডফিল্ডার ম্যাচের ও স্কোয়াডের প্রতি আস্থা থাকার কথা বললেন। 

“চেলসিতে অনেক প্রতিভাসম্পন্ন খেলোয়াড় আছে। যেভাবে মাঠে কোচ আমাদের সঙ্গে কাজ করেন, যেসব কাজ করেন, এতে দল দিন দিন কেবল ভালোই হবে। আমি নিশ্চিত, আগামী মৌসুমে যদি নাও হয় পরের মৌসুমে এই প্রকল্প (সাফল্যের মুখ দেখবে), কারণ এখানে সবাই তরুণ এবং সবাই চেষ্টা করছে ভালো খেলার, তাই আগে বা পরে হোক এর সুফল মিলবে।” 

“আমরা এখনও এফএ কাপে আছি। আশা করি, রোববার (লেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ কোয়ার্টার-ফাইনাল) জিতব। আর লিগে আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোব। আশা করি, পয়েন্ট তালিকার উপরের দিকে উঠতে পারব। কেউ জানে না আমরা কোথায় শেষ করব।” 

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ২৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দশম স্থানে নিউক্যাসল, অবশ্য দলটি এক ম্যাচ বেশি খেলেছে।