২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

ইউভেন্তুস থেকে ধারে লিভারপুলে আর্থার

চলতি মৌসুমের জন্য ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 03:54 PM

Updated : 02 Sep 2022, 04:18 PM

দলবদলের শেষ পর্যায়ে এসে আর্থার মেলোর সঙ্গে চুক্তি করল লিভারপুল। চলতি মৌসুমের জন্য ইউভেন্তুস থেকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে ধারে নিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

গ্রীষ্মের দলবদলের শেষ দিন বৃহস্পতিবার রাতে উভয় ক্লাব বিবৃতি দিয়ে নিশ্চিত করে বিষয়টি।

২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়া আর্থার দুই বছর পর পাড়ি জমান ইউভেন্তুসে। ইতালিয়ান ক্লাবটির হয়ে গত দুই মৌসুমে সব মিলিয়ে খেলেছেন তিনি ৬৩ ম্যাচ। এ মৌসুমে অবশ্য দলটির হয়ে মাঠে নামা হয়নি তার। আর এবার তো পাড়ি জমালেন নতুন ক্লাবে।

লিভারপুলে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী আর্থার।

“এখানে আসতে পেরে আমি খুবই খুশি। বিশ্ব ফুটবলের প্রতিনিধিত্ব করা বিখ্যাত এই ব্যাজসহ গ্রেট এই জার্সি পরতে পেরে ভালো লাগছে। এটা স্বপ্নের মতো।”

“আমি সত্যি আনন্দিত এবং মাঠে স্বপ্ন পূরণের জন্য এবং লিভারপুলের জার্সিতে নিজের সর্বোচ্চটা দিতে আমি দারুণ অনুপ্রাণিত।”

ইউভেন্তুসের বিবৃতি অনুযায়ী, ৪৫ লাখ ইউরোর বিনিময়ে আর্থারকে এক মৌসুমের জন্য ধারে পাঠিয়েছে তারা। এই মিডফিল্ডারকে লিভারপুলের কেনার পথও খোলা আছে। এর জন্য দিতে হবে ৩ কোটি ৭৫ লাখ ইউরো।

ব্রাজিলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন আর্থার। ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের সতীর্থ গোলরক্ষক আলিসন ও ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকে লিভারপুলে পাচ্ছেন আর্থার।