১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাজার ম‍্যাচের ক্লাবে গুয়ার্দিওলাকে স্বাগত জানালেন ফার্গুসন

লিগ ম‍্যানেজার অ‍্যাসোসিয়েশনের পক্ষে অভিজাত ক্লাবে পেপ গুয়ার্দিওলাকে স্বাগত জানিয়েছেন এই কিংবদন্তি কোচ।

হাজার ম‍্যাচের ক্লাবে গুয়ার্দিওলাকে স্বাগত জানালেন ফার্গুসন
অ‍্যালেক্স ফার্গুসন (বাঁয়ে) ও পেপ গুয়ার্দিওলা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মাইলফলকের খুব কাছে থাকা পেপ গুয়ার্দিওলাকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি কোচ অ‍্যালেক্স ফার্গুসন। বার্সেলোনা ‘বি’ দল দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন গুয়ার্দিওলা, তা এবার স্পর্শ করতে যাচ্ছে নতুন উচ্চতা। কোচ হিসেবে এক হাজার ম‍্যাচের দুয়ারে দাঁড়িয়ে এই স্প্যানিয়ার্ড। 

ঘরের মাঠে আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাধারী লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। কোচ হিসেবে যা হবে গুয়ার্দিওলার হাজারতম ম‍্যাচ। 

পেশাদার কোচিংয়ে গৌরবময় ক্যারিয়ারে দুই হাজারেরও বেশি ম্যাচে ডাগআউটে ছিলেন ফার্গুসন। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) পক্ষে তিনি হাজার ম‍্যাচের ক্লাবে স্বাগত জানালেন গুয়ার্দিওলাকে।

“পেপ! তোমাকে সম্মানজনক এলএমএ ‘হল অব ফেম’ ১ হাজার ম‍্যাচের ক্লাবে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই আনন্দিত। খেলার প্রতি তোমার গভীর ভালোবাসা ও আবেগ সব সময়ই স্পষ্ট ছিল এবং বিশ্বজুড়ে তোমার যে অবিশ্বাস‍্য প্রভাব চলছে, তা নিয়ে গর্বিত হতে পারো।”

“১ হাজার ম্যাচে পৌঁছানো এবং ফুটবলে এত দীর্ঘ সময় টিকে থাকা এমন এক মাইলফলক, যা কখনও ছোট করে দেখার সুযোগ নেই। ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন টুর্নামেন্ট লিগ, চ‍্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া প্রতিযোগিতায় সাফল‍্য ধরে রাখা অসাধারণ।”

বার্সেলোনা ‘বি’ দল দিয়ে কোচিংয়ে নাম লেখান গুয়ার্দিওলা। পরে বার্সোলানার মূল দলের কোচ হয়ে কাটান সাফল‍্যে পূর্ণ চারটি মৌসুম। সেখান থেকে বায়ার্ন মিউনিখে সফল অধ্যায় কাটিয়ে ২০১৬ সালে ইংলিশ ক্লাব সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। তারপর ৯ বছরে ক্লাবটিকে পরিণত করেছেন ইউরোপের সেরা দলগুলোর একটিতে। জিতিয়েছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপসহ ১৭টি ট্রফি।

এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে জয় পেয়েছেন ৭১৫টিতে। হাজারতম ম‍্যাচে জয়ে চোখ রেখে গুয়ার্দিওলা বললেন নিজের অর্জন নিয়ে।

“কোচ হিসেবে ১ হাজার ম‍্যাচে পৌঁছাতে পেরে আমি গর্বিত, যা সবসময়ই আমার জন‍্য বিশেষ এক লক্ষ‍্য ছিল।”