পয়েন্ট হারিয়ে বার্সেলোনা কোচ বললেন, ‘সত্যিই খুব বাজে খেলেছি আমরা’
সেল্তা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারানোর জন্য মার্ক কাসাদোর লাল কার্ড বা জুল কুন্দের ভুলকে দায় দিচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
৮২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন মার্ক কাসাদো। ৮৪ আর ৮৬তম মিনিটে দুটি গোল হজম করল বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থাকা দল শেষ পর্যন্ত হারাল পয়েন্ট। মনে হওয়াটা স্বাভাবিক, ১০ জনের দলে পরিণত হয়েই জয়টা হাতছাড়া হলো। কিন্তু হান্সি ফ্লিক বলছেন অন্য কথা। বার্সেলোনা কোচের অকপট স্বীকারোক্তি, গোটা ম্যাচেই খুব খারাপ খেলেছে তার দল।
খেলা যেমনই হোক, প্রথমার্ধে রাফিনিয়া আর দ্বিতীয়ার্ধে রবের্ত লেভানদোভস্কির গোলে সেল্তা ভিগোর মাঠে জয়ের পথেই ছিল বার্সেলোনা। কিন্তু কাসাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর ভোজভাজির মতো বদলে যায় চিত্র। দ্রুত দুটি গোল করে ম্যাচে সমতায় ফেরায় সেল্তা। শনিবার লা লিগার ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।
আপাতদৃষ্টিতে মনে হবে, শেষ সময়ে খেই হারানোর খেসারত দিয়েছে বার্সেলোনা। কিন্তু তাদের কোচের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
“শুধু শেষের কয়েক মিনিটই নয়, আজকে আমরা সত্যিই খুব বাজে খেলেছি। শতভাগ খেলতে না পারলে জেতা যায় না। পুরো ম্যাচটিই এরকম ছিল আমাদের জন্য। সত্যিটাই বলা উচিত। ৮০ শতাংশ, ৮৫ শতাংশ বা ৯০ শতাংশ দিয়ে জেতা যায় না। এত সহজ নয়।”
কাসাদোর লাল কার্ডের পর বার্সেলোনা প্রথম গোলটি হজম করে ডিফেন্ডার জুল কুন্দের ভুলে। তবে এই দুজনের দিকে আঙুল না তুলে ফ্লিক বললেন গোটা দলের ভুলের কথাই। পাশাপাশি প্রতিপক্ষকেও কৃতিত্ব দিলেন বার্সেলোনা কোচ।
“সবাই বলে যে, সেল্তার বিপক্ষে খেলাটা কঠিন এবং আজকে তা প্রমাণ হয়েছে আবার। মনোযোগ ও একাগ্রতা ধরে রাখতে হয় সবসময়। সবাই এখন আমাদের বিপক্ষে ভালো খেলতে চায়, আমাদের সঙ্গে জিততে চায়।”
“অনেক ভুল করেছি আমরা। প্রচুর বাজে পাস ছিল, বল হারিয়েছি অনেক, ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং অনেক কিছু হয়েছে। এটা (হার) শুধু লাল কার্ডের জন্য নয়, জুলসের ভুলের কারণে নয়। গোটা দলই (খারাপ খেলছে)…। আমরা যেমন খেলেছি, তেমন ফলই পেয়েছি।”
বাজে খেলার পরও শেষ পর্যন্ত হারতে না হওয়ায় স্বস্তি পাচ্ছেন ফ্লিক। সামনের পথচলায় দলকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে উজ্জীবিত করলেন তিনি।
“আমি আশা করিনি, এতটা খারাপ খেলব আমরা। তবে উঠে দাঁড়াতে হবে এবং সামনে এগোতে হবে। স্রেফ একটি ম্যাচই এটি। সবচেয়ে ভালো ব্যাপার হলো, একটি পয়েন্ট আমরা পেয়েছি। আজকের সেরা ব্যাপার এটিই। তবে আমরা খুশি নই। ফুটবলাররা খুশি নয়। আমাদের কেউই খুশি নয়।”
“ফুটবলে এরকম হয়ই। আজকে বাজে ম্যাচ ছিল আমাদের। আজকে আমরা যেমন খেলেছি, সবাই এর চেয়ে ভালো খেলতে পারে। মনোযোগটা ধরে রাখতে হবে। কখনও কখনও এরকম মনে হতে পারে যে, আমাদের কাজটা সহজ। আসলে তা নয়…।”
এই ড্রয়ের পর ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সেলোনা। তবে তাদের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ আছে এখন রেয়াল মাদ্রিদের। দুটি ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ২৭। বর্তমান চ্যাম্পিয়নরা এই দুই ম্যাচ জিতলে পয়েন্টের ব্যবধান হবে স্রেফ ১। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।
