আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
Published : 31 Mar 2026, 02:51 AM
আক্রমণাত্মক ফুটবলে প্রচণ্ড চাপ তৈরি করল জার্মানি। অনেকগুলো সুযোগ হারানোর পর, গোলের দেখা পেল দলটি। চাপ সামলে ঘুরে দাঁড়াল ঘানা, যদিও তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়রথ আটকাতে পারল না।
স্টুটগার্টে সোমবার রাতে প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে জার্মানি। বিশ্বকাপের প্রস্ততিপর্বের ম্যাচে কাই হাভার্টজের গোলে তারা এগিয়ে যাওয়ার পর, সমতা টানেন আব্দুল ফাতাযু। শেষ দিকে ডেনিজ উন্দাভের গোলে জয় নিশ্চিত হয় ইউলিয়ান নাগেলসমানের দলের।
তিন দিন আগে স্বাগতিক সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জার্মানির জয়ের নায়ক ছিলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। সেদিন জোড়া গোল করা লিভারপুল তারকা ঘানার জালে শুরুতেই বল পাঠাতে পারতেন; কিন্তু ষষ্ঠ মিনিটে তার শট পোস্টে বাধা পায়।
একচেটিয়া বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে জার্মানি। ৩৩তম মিনিটে নিক ভল্টামাডার কাটব্যাক পেয়ে জালে বল পাঠান ভিয়েৎস; তবে নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড ভল্টামাডা অফসাইডে থাকায় মেলেনি গোল।
বিরতির ঠিক আগে ডেডলক ভাঙতে পারে জার্মানরা। ঘানার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ইয়োনাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং সফল স্পট কিকে গোলটি করেন হাভার্টজ।
দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণাত্মক শুরু করে স্বাগতিকরা এবং আরও একবার দুর্ভাগ্যের বাধায় গোল পায়নি তারা। ৫৩তম মিনিটে ভল্টামাডার জোরাল হেড ক্রসবার কাঁপায়।
ঘর সামলাতে ব্যস্ত সময় কাটানোর মাঝে একটি গোছাল আক্রমণে সমতায় ফেরে ঘানা। গোলের জন্য চারটি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৭০তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই সাফল্য পায় তারা। সতীর্থের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে প্লেসিং শটে গোলটি করেন ফাতাযু।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি পায় সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ীরা। সতীর্থের হেড পাস গোলমুখে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে, হাওয়ায় বলে নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা ফরোয়ার্ড উন্দাভ।
টানা সপ্তম জয়ের আনন্দে মাঠ ছাড়ে জার্মানি, আর টানা চতুর্থ পরাজয় সঙ্গী হয় ঘানার।