১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাইব্রেকারে হেরে অপেক্ষা বাড়ল রোনালদোর

দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে আল নাস্‌রকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতল আল আহলি, রেকর্ড গড়ার উপলক্ষ ট্রফির জয়ের রঙে রাঙানো হলো না ক্রিস্তিয়ানো রোনালদোর।

টাইব্রেকারে হেরে অপেক্ষা বাড়ল রোনালদোর
দুবার এগিয়ে গিয়েও শিরোপার স্বাদ পেল না রোনালদোর দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 10:06 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না আল নাস্‌র। পরাজয়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেল আল আহলি। সেখানেও বাজিমাত করল তারা। সৌদি সুপার কাপ জিতে নিল দলটি। 

হংকংয়ে শনিবারের ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৩ গোলে জেতে আল আহলি।

এই হারে আল নাস্‌রের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। এই ক্লাবের হয়ে তিনটি ফাইনালে হারলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এ দিন পর্তুগিজ মহাতারকাই পেনাল্টি থেকে এগিয়ে নেন দলকে। আল নাস্‌রের হয়ে তার শততম গোল এটি। 

প্রথমার্ধের যোগ করা সময়ে আল আহলিকে সমতায় ফেরান ফঁক কেসিয়ে। দ্বিতীয়ার্ধে মার্সেলো ব্রোজোভিচ আবার এগিয়ে নেন আল নাস্‌রকে। কিন্তু নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে দলটির গোলকিপারের মারাত্মক এক ভুলে দ্বিতীয়বার সমতা টানেন হজের ইবানেস।

পেনাল্টি শুটআউটে রোনালদো, ব্রুজোভিচ ও জোয়াও ফেলিক্স বল জালে পাঠালেও, আল-খাইবারির শট ঠেকিয়ে দেন আল আহলির গোলকিপার। দলটির পাঁচ শটের সবকটিই খুঁজে পায় ঠিকানা।

সেমি-ফাইনালে গতবারের সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে আসা আল নাস্‌র ফাইনালে প্রথম গোলের দেখা পায় ৪১তম মিনিটে। পেনাল্টি থেকে বুলেট গতির শটে গোল করেন রোনালদো।

আল নাস্‌রের হয়ে ৪০ বছর বয়সী তারকার গোলের সেঞ্চুরি হলো ১১৩ ম্যাচে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল নিচু শটে সমতা ফেরান সাবেক বার্সেলোনা মিডফিল্ডার কেসিয়ে।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা আল নাস্‌র দ্বিতীয়বার এগিয়ে যায় ৮২তম মিনিটে। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোলটি করেন ক্রোয়াট মিডফিল্ডার ব্রোজোভিচ। 

ওই গোল ধরে রেখে জয়ের পথেই ছিল আল নাস্‌র। কিন্তু ৮৯তম মিনিটে প্রতিপক্ষের কর্নার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টায় বলের নাগাল পাননি গোলকিপার বেন্তো। হেডে বল জালে পাঠান ইবানেস।

হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ট্রফি জয়ের উল্লাসে মাতল আল আহলি।